নিজস্ব প্রতিবেদক
আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের কোনো বাধা নেই- নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের এমন বক্তব্য প্রত্যাখ্যান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুখপাত্র উমামা ফাতেমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ বাংলাদেশে একাধিক গণহত্যার জন্য দায়ী গোষ্ঠী। এছাড়াও গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাসহ বিভিন্ন মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডে আওয়ামী লীগ গত ১৬ বছর ধরে জড়িত ছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়- সর্বশেষ জুলাই গণহত্যায় প্রায় দুই হাজার শহিদের প্রাণ এবং ৩০ হাজারের অধিক মানুষের অঙ্গহানি করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ বিগত তিনটি নির্বাচনকে অবৈধ উপায়ে নিজেদের কুক্ষিগত করেছে। যে দলটি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করেছে, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ প্রদান জনআকাঙ্ক্ষার বিরুদ্ধাচারণ।
এতে আরো বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে অবস্থান করে। নির্বাচনসহ যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের রক্তের অবমূল্যায়ন করা হবে।
নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারকে তার বক্তব্য প্রত্যাহার করে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এর আগে, দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল ও সুশীল সমাজসহ বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মুক্ত আলোচনা করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।
এ সময় সাংবাদিকরা জানতে চান আগামী নির্বাচনে আওয়ামী লীগ কি অংশ নিতে পারবে? জবাবে বদিউল আলম বলেন, আমি তো কোনো বাধা দেখছি না। তাদের জন্য কোনো বাধা সৃষ্টি করা হয়েছে- এমন কিছু দেখছি না। আমরা চাই একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, যারা সকল প্রস্তুতি নিয়ে নির্বাচন করতে চায় তারা নির্বাচন করতে পারবে। কোনোরকম বাধা দেওয়া হবে না। আমি আশা করি, সব দল নির্বাচনে অংশ নেবে।