নিজস্ব প্রতিবেদক :
ইসলামিক ফাউন্ডেশনের অধীনে পরিচালিত জাকাত বোর্ড হতে চলতি অর্থবছরে দরিদ্রদের মাঝে ১১ কোটি টাকা বিতরণের প্রস্তাব অনুমোদিত হয়েছে।
সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বোর্ডের চেয়ারম্যান ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জাকাত বোর্ডের ৬৪তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
জুলাই বিপ্লবের পর নবগঠিত জাকাত বোর্ডের এ সভায় বোর্ডের কার্যক্রমকে শক্তিশালী ও গতিশীল করার বিষয়ে বোর্ডের সদস্যরা ঐকমত্য পোষণ করেন। জাকাত বোর্ডের সঙ্গে জনসম্পৃক্ততা বৃদ্ধি ও জাকাত ফান্ডে অর্থ প্রদানে সম্ভাব্য জাকাতদাতাদের উদ্বুদ্ধ করতে প্রচার কার্যক্রম জোরদার করারও সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়া জাকাত ফান্ড নীতিমালা সংশোধন ও পরিমার্জনের জন্য বোর্ডের সদস্য চট্টগ্রামের দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসার মুহাদ্দিস মুফতি জসিম উদ্দিনকে আহ্বায়ক করে ৬ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
সভায় বোর্ডের ভাইস-চেয়ারম্যান ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, বোর্ডর সদস্য অতিরিক্ত সচিব (সংস্থা ও আইন) মো. সাইফুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্মসচিব (ড্রাফটিং) মো. শাহিনুর ইসলাম, আকবর কমপ্লেক্স মাদরাসা ঢাকার অধ্যক্ষ মুফতি দেলোয়ার হোসাইন, চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস মুফতি জসিম উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মো. নিজাম উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।