কিংস পার্টি না বিএনপি , জনগণের পার্টি: টুকু

নিজস্ব প্রতিবেদক :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আজকে গণঅভ্যুত্থানের ছাত্ররা বলেন বিএনপি কিংস পার্টি; বিএনপি কিংস পার্টি না, বিএনপি জনগণের পার্টি।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আজকের বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মহান বিজয় দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান অ্যাডভোকেট পারভীন কাউসার মুন্নি।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জিয়াউর রহমান মাত্র চার বছর ক্ষমতা থেকে এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছিলেন বিধায় দেশের মানুষ তাকে এত ভালোবাসে। জিয়াউর রহমানের আদর্শে চটি বই পড়লে বুঝবেন তিনি কে? তিনি ইতিহাসের মহামানব, মহাকাব্য। জিয়াউর রহমানকে জানতে হলে তার ইতিহাসকে জানতে হবে। জিয়াউর রহমানের ইতিহাস কারো সাথে তুলনা করা যায় না।

রিফর্মের নামে নির্বাচনকে পিছিয়ে দেওয়া ঠিক হবে না বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, আপনাদের (অন্তর্বর্তী সরকার) আজকে এত সমস্যা হচ্ছে, কারণ আপনাদের কোনো ম্যান্ডেট নাই।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, প্রশাসনের প্রাণকেন্দ্রে আগুন লাগে, কোথায় আপনাদের গোয়েন্দা? এই সরকারের চার মাস হয়ে গেছে, এখনো তেমন কোনো উন্নতি মানুষ দেখে নাই।

তিনি আরো বলেন, সবার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রাখতে হবে। আপনারা (অন্তর্বর্তী) সবার সঙ্গে নেগোশিয়েট করতে পারবেন না। এরজন্য রাজনৈতিক সরকার লাগবে।

অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, যুব বিষয়ক সহ-সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, কেন্দ্রীয় সদস্য ফরিদা ইয়াসমিন, জিয়া প্রজন্ম দলের মহাসচিব মো. সারোয়ার হোসেন রুবেলসহ প্রায় ৮০ জন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *