দেশ চালাতে দেওয়া যায় না সংস্কারের নামে অনির্বাচিত সরকারকে

নিজস্ব প্রতিবেদক :
সংস্কারের নামে দিনের পর দিন অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা আগেও ক্ষমতায় ছিলাম। ক্ষমতার জন্য আমরা কোনোদিন রাজনীতি করিনি। সংস্কার প্রক্রিয়া শুরুই করেছেন জিয়াউর রহমান। আওয়ামী লীগের বাকশাল থেকে তিনি ফিরিয়ে এনেছেন বহুদলীয় গণতন্ত্র।

মির্জা ফখরুল বলেন, সংস্কারের নামে দিনের পর দিন অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেওয়া যায় না।

সরকারের উপদেষ্টারা দ্রব্যমূল্য কমানোসহ জনদুর্ভোগ কমানোর চেষ্টা করছেন না বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, উপদেষ্টারা রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ছেন। রাজনৈতিক দলগুলো নিয়ে মন্তব্য করছেন। এটা উচিত নয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলছেন না। তাদের সহযোগিতা করছেন না। রাজনৈতিক দলগুলো সরকারের প্রতিপক্ষ নয়।

সংস্কারের পাশাপাশি সুশাসন ও জনদুর্ভোগ কমানোর উদ্যোগ না নিলে লক্ষ্য অর্জন হবে না বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি যোগ করেন, রাজনৈতিক দলগুলোকে আক্রমণ ও তীর্যকভাবে কথা বলে সংকট সমাধান হবে না।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জাতীয় পার্টির (জাফরপন্থী) চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *