যা বললেন হাসনাত আব্দুল্লাহ ৩১ ডিসেম্বরের ঘোষণা সম্পর্কে

নিজস্ব প্রতিবেদক :
আগামী ৩১ ডিসেম্বর আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক দল হিসেবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

রোববার দুপুর ১২টায় রাজধানীর বাংলামোটরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এ কথা জানান।

হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই অভ্যুত্থানে সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমে এসেছিলেন, ঠিক তেমনিভাবে ৩১ ডিসেম্বর আবারো মানুষ রাস্তায় নেমে আসবে। দীর্ঘদিন দেশের মানুষ ভোট দিতে পারেনি। আমরা চাচ্ছি সাধারণ মানুষ যেন ভোট দিতে পারে। সাধারণ মানুষ যেটা চেয়েছে, আমরা সেটাই এই প্রক্লেমেশনে রাখার চেষ্টা করেছি।

তিনি বলেন, বিপ্লবের ঘোষণাপত্র ৫ আগস্ট হওয়া উচিত ছিল। এটি না হওয়ার কারণে স্বৈরাচারের দোষররা সক্রিয় রয়েছে। অভ্যুত্থানের মাধ্যমে মানুষ ৭২ এর মুজিববাদের সংবিধানের বিপরীতে অবস্থান নিয়েছে। ৭২ এর সংবিধানের বিরুদ্ধে যেভাবে মানুষ রাস্তায় নেমে এসেছিল, সেটাকে স্বীকৃতি দিতে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, এটা নির্দিষ্ট কোনো দলের প্রক্লেমেশন না। আমরা দীর্ঘদিন ধরে প্রতারিত জাতি। আর যেন প্রতারিত না হই এজন্য এই ইশতেহার ঘোষণা করা হবে। আমরা চাই যেখান থেকে এক-দফা ঘোষণা দেওয়া হয়েছিল, সেখান থেকেই মুজিববাদের কবর রচনা করা হবে।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আমরা মনে করি আমাদের ঘোষণাপত্র আরো আগে প্রকাশ করা দরকার ছিল। এ ঘোষণাটি সামগ্রিকভাবে সারা বাংলাদেশে লিখিত অবস্থায় থাকবে। পুরাতন সিস্টেমগুলোকে রিজেক্ট করবে, নতুন সিস্টেম তৈরি করবে।

তিনি আরো বলেন, ২৪ এর বিপ্লবে কী হয়েছে, এই বিপ্লব পরবর্তী কেমন হওয়া উচিত সেই প্রেক্ষাপটে একটি আকাঙ্ক্ষার যাত্রা হবে। তার আলোকেই হবে আগামীর বাংলাদেশের ঘোষণাপত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *