জনপ্রিয় নায়িকা অঞ্জনা লাইফ সাপোর্টে

বিনোদন ডেস্ক :
ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা অঞ্জনা রহমান লাইফ সাপোর্টে আছেন। টানা ১০ দিন ধরে অচেতন হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এই কদিন তিনি সিসিইউতে ভর্তি ছিলেন। কিন্তু এখন পর্যন্ত তার আশানুরূপ কোনো উন্নতি হয়নি। বরং অবস্থার অবনতি হচ্ছে।

বুধবার (১ জানুয়ারি) রাতে তাকে পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অঞ্জনা রহমানের মেয়ে নিশাত মনি বিষয়টি নিশ্চিত করে জানান, শেষ চেষ্টা হিসেবে ডাক্তাররা তাকে লাইফ সাপোর্টে রেখেছেন। মায়ের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি।

জানা গেছে, ১৫ দিন ধরে অঞ্জনা অসুস্থ। শুরুতে জ্বর ছিল। সারা শরীর কেঁপে জ্বর আসত। একটা সময় ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না। শেষে জানা যায়, তার রক্তে সংক্রমণ ধরা পড়েছে। এরপর চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

প্রসঙ্গত ,নায়িকা অঞ্জনা, বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত মুখ ছিলেন। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র দেশীয় চিত্রনায়িকাও তিনি। দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘দস্যু বনহুর’ দিয়ে বড় পর্দায় তার অভিনয় শুরু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *