নিজস্ব প্রতিবেদক :
রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে সারাদেশে সাংগঠনিক বিস্তৃতি ঘটাচ্ছে জাতীয় নাগরিক কমিটি। তরুণদের এই দল ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনা ধারণ করে নতুন দেশ গড়তে ২৪ দফার ইশতেহার (মেনিফেস্টো) নিয়ে আত্মপ্রকাশ করবে।
আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে নতুন জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে রাজনৈতিক দল ঘোষিত হবে বলে জানা গেছে।
জানা গেছে, ২৪ দফার ইশতেহারে থাকবে রাজনৈতিক-সাংস্কৃতিক-অর্থনৈতিকভাবে দেশকে তারা কীভাবে গড়ে তুলতে চান। নতুন রাষ্ট্র বিনির্মাণের পথরেখাও থাকবে। দলের মূল আদর্শ হবে জাতীয় ঐক্য।
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে জাতীয় নাগরিক কমিটি নামে সংগঠনটি প্রকাশ্যে আসে। নতুন দল গঠনের লক্ষ্যে নাগরিক কমিটি সারাদেশে ১৬০টির বেশি প্রতিনিধি কমিটি করেছে বলে সংগঠনটির মুখপাত্র সামান্তা শারমীন জানিয়েছেন। গত ৮ নভেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানায় ৬১ সদস্যের প্রতিনিধি কমিটি গঠনের মধ্য দিয়ে নাগরিক কমিটির সাংগঠনিক বিস্তৃতি শুরু হয়। ১২ নভেম্বর টাঙ্গাইল সদর উপজেলায় ৩৬ সদস্যের ও মধুপুর উপজেলায় ৫৫ সদস্যের কমিটি করে ঢাকার বাইরে কার্যক্রম শুরু করে নাগরিক কমিটি।
সামান্তা শারমীন বলেন, বর্তমান সরকারের সময়ে সংবিধান পুনর্লিখন যদি না হয়, তাহলে আমরা নতুন সংবিধানের কথা দলের মেনিফেস্টোতে বলব। সাংবিধানিক প্রতিষ্ঠান পুনর্গঠনের কথা বলব। ধর্ম-বর্ণের কারণে কেউ যেন নির্যাতনের শিকার না হয়, সেসব অঙ্গীকারও থাকবে।
জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন গণমাধ্যমকে বলেন, যে থানা কমিটিগুলো হচ্ছে, সেগুলোর অধিকাংশ সদস্য নতুন রাজনৈতিক দলে অংশগ্রহণ করবেন বলে আশা করি। পরিস্থিতি বিবেচনা করে ফেব্রুয়ারিতে নতুন দলের ঘোষণা হতে পারে। দলে এক ব্যক্তিকেন্দ্রিক নেতৃত্বের বদলে বহু ব্যক্তির নেতৃত্বকে প্রমোট করতে চাই। ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করেছেন, এমন তরুণরাই দলের নেতৃত্বে আসবেন।