নিজস্ব প্রতিবেদক :
দেশের ক্রীড়াঙ্গনকে দেখভাল করার সার্চ কমিটি ও ফুটবল ক্রিকেটসহ সকল কমিটিতে আওয়ামী লীগের প্রেতাত্মাদের পুনর্বাসন করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তিনি বলেছেন, আওয়ামী স্বৈরাচার সরকার ক্রীড়াঙ্গনে দলীয় ও রাজনীতিকরণ করে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংসের পথে নিয়ে গেছে।
আমিনুল হক বলেন, আওয়ামী লীগের সময়ে বাংলাদেশের ফুটবল, হকি ও ক্রিকেটসহ প্রত্যেকটি ক্রীড়া সেক্টরে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর সোনালী মাঠে আতিকুল ইসলাম মতিন স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির এই নেতা বলেন,আমরা বারবার অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করেছিলাম আওয়ামী স্বৈরাচারের দোসরদের দুর্নীতিগুলো আমলে নিয়ে বিচার করেন। কিন্তু তাদের এই দিকে নজর নেই। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ফুটবল ক্রিকেটসহ অন্যান্য যেসব ফেডারেশন আছে এবং ক্রীড়াঙ্গনকে দেখভাল করার জন্য যে সার্চ কমিটি করা হয়েছে, সেই সার্চ কমিটিতে এবং ফুটবল হকি ও ক্রিকেট কমিটিতে আওয়ামী লীগের প্রেতাত্মাদের পুনর্বাসন করা হয়েছে।
বিএনপির এই নেতা বলেন, স্বৈরাচার আওয়ামী সরকারের বিরুদ্ধে গত ১৭ বছর আন্দোলন সংগ্রাম যুদ্ধ করতে গিয়ে আমাদের দলের বহু নেতাকর্মীকে গুম, খুন ও হত্যার শিকার হতে হয়েছে। তারপরও গত ৫ আগস্টের পরে দেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও ক্রীড়াঙ্গনগুলোতে যদি এখনও আওয়ামী লীগের প্রেতাত্মারা বহাল থাকে, তাহলে এর চেয়ে দুঃখের ও লজ্জার কিছু হতে পারে না।
দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, মানুষ কী চায়, এদেশের জনগণ কী চায়, এই বিষয়গুলো বিবেচনা করে আমাদের সামনে এগোতে হবে। কারণ বিএনপি জনগণের ওপর আস্থা ও বিশ্বাস রেখে কাজ করে চলেছে।
মোহাম্মদপুর সোনালী সংঘের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক হাজী মো. ইউসুফ, সদস্য এম এস আহমাদ আলী, নাসির উদ্দিন, ইব্রাহিম খলিল, তাসলিমা রিতা, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল হাসান রাজ প্রমুখ।