ময়মনসিংহ প্রতিনিধি :
আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের প্রতিবাদ, দেশবিরোধী অপপ্রচার, সাম্প্রদায়িক উস্কানি, আইনজীবী আলিফ হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে আলেম-উলামাদের সংগঠন ইত্তেফাকুল উলামা মোমেনশাহী।
শুক্রবার দুপুর ২টা থেকে ময়মনসিংহের বড় মসজিদ চত্বরে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি ময়মনসিংহের বড় মসজিদ চত্বর থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার মোড়ে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ইত্তেফাকুল উলামা ময়মনসিংহ সদর উপজেলা উপ-আমেলার সভাপতি মুফতি গোলাম মাওলা ভূঁইয়া। এছাড়াও সংগঠনটির ময়মনসিংহ সদর উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা অলি-উল্লাহ সোবহানীসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও মাদরাসার ছাত্র-শিক্ষক উপস্থিত ছিলেন।