নিজস্ব প্রতিবেদক :
জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্রীড়াঙ্গন তার মধ্যে বড় উদাহরণ। এই অঙ্গনটিকেও দলীয়করণ করেছে তারা। ভালো ও ট্যালেন্টেড খেলোয়াড়দের সুযোগ দেয়নি আওয়ামী লীগ।
শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীতে পল্লবীর সিটি ক্লাব মাঠে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের আমলে ভালো ও ট্যালেন্টেড খেলোয়াড়দের সুযোগ দেওয়া হয়নি অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, এখন মেধার চর্চা হবে। সবাই যেন সুযোগ পায়। ভালো খেলোয়াড়দের বের করে আনতে হবে। ক্রিকেট এখন খুব নাম করছে; কিন্তু এক সময় ফুটবল ছিল খুব জনপ্রিয় খেলা।
খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, খেলোয়াড়দের মন হয় উদার, মাদক নির্মূলসহ সামাজিক কাজে তাদের ভূমিকা অনেক বড়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উদ্দেশ্যও এটি, তরুণ সমাজের মাদক পরিহার করে খেলাধুলায় মনোযোগী হতে হবে।