স্পোর্টস ডেস্ক
বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টে সিডনিতে দারুণ এক মাইলফলক গড়ার সুযোগ ছিল স্টিভ স্মিথের সামনে। তবে অস্ট্রেলিয়ার কিংবদন্তি এই ব্যাটার সুযোগ কাজে লাগাতে পারেননি। প্রথম ইনিংসে ৩৩ রান করে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে তিনি আউট হন ৪ রান করে। আর ১ রান করতে পারলেই ছুঁতে পারতেন সেই ম্যাজিক নাম্বার। তবে ১ রানের আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয় তাঁকে।
টেস্ট ক্রিকেটে স্মিথের রান সংখ্যা এখন ৯৯৯৯। সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসের আগে লাল বলের ক্রিকেটে দশ হাজার রানের মাইলফলক থেকে ৫ রান দূরে ছিলেন স্মিথ। চার রান করে আউট হওয়ায় তার রান হয় নয় হাজার নয়শ নিরানব্বই।
এদিকে স্মিথকে দশ হাজার রানের মাইলফলক ছুঁতে দেখবেন বলে তার ঘরের মাঠে সেদিন উপস্থিত ছিলেন অজি এই ক্রিকেটারের বন্ধু এবং পরিবারের লোকজন। তবে পরিবারের মানুষদের সামনে ১ রানের দুরত্ব ঘোচাতে পারেননি তিনি। এ কারণে কিছুটা হতাশও হয়েছিলেন তিনি, সম্প্রতি এ বিষয়ে কথা বলতে গিয়ে এমনটাই জানিয়েছেন স্মিথ।
স্মিথ বলেন, ‘এক রান। সেই মুহূর্তে বেশ খারাপ লেগেছিল। খুব হতাশ লাগছিল। নিজের ঘরের মাঠে পরিবার, বন্ধুবান্ধবের সামনে মাইলফলক ছুঁতে পারলে ভাল লাগত।’
এদিকে বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। অজিরা এবার আসছে শ্রীলঙ্কা সফরে। আসন্ন এ সিরিজে অজিদের নেতৃত্ব দিবেন স্মিথ। আর আসন্ন এ সিরিজের প্রথম ম্যাচ দিয়েই দশ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলতে চান বলেই জানিয়েছেন স্মিথ। তিনি বলেন, ‘আশা করি, গলে (শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট) একটা রান করে ফেলতে পারব। মনে হয় আগে ম্যাচটায় এই বিষয়টা নিয়ে একটু বেশিই ভেবে ফেলেছিলাম। এত চাপের কিছু নেই। হয়ে যাবে।’
গলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ১ রান করতে পারলেই বিশ্বের ১৫তম এবং অস্ট্রেলিয়ার চতুর্থ ব্যাটার হিসাবে মাইলফলক ছুবেন স্মিথ।