২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা মাদুরোকে গ্রেফতারে

আন্তর্জাতিক ডেস্ক :
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেফতারে পুরস্কারের পরিমাণ ২৫ মিলিয়ন ডলারে উন্নীত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

বিতর্কিত নির্বাচনের মাধ্যমে শুক্রবার (১০ জানুয়ারি) মাদুরো তৃতীয় মেয়াদের জন্য প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ওই পুরস্কারের পরিমাণ বাড়ায় যুক্তরাষ্ট্র। এর আগে পুরস্কার ছিল ১৫ মিলিয়ন ডলার। খবর রয়টার্সের।

২০২৪ সালের জুলাই মাসে অনুষ্ঠিত নির্বাচনে বিরোধী নেতা এদমুন্দো গনসালেসের কাছে পরাজিত হওয়ার প্রমাণ থাকা সত্ত্বেও মাদুরো ক্ষমতায় আছেন বলে অভিযোগ উঠেছে।

২০১৩ সাল থেকে নিকোলা মাদুরো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদে আছেন। বাইডেন প্রশাসন মাদুরোকে ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়নি এবং তার পদত্যাগ দাবি করেছে।

মার্কিন প্রশাসনের মতে, নির্বাসিত গনসালেসেই দেশের নেতৃত্বে আসা উচিত।হাজার হাজার সমর্থক ভোটের তালিকা উপস্থাপন করে দাবি করেছেন প্রেসিডেন্ট নির্বাচনে সহজেই বিজয়ী হয়েছেন এদমুন্দো গনসালেসে।

সম্প্রতি গনসালেস ওয়াশিংটনে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানান।

গনসালেস ভেনেজুয়েলায় ফিরে গেলে গ্রেফতার হওয়ার হুমকির মুখে পড়তে পারেন। তাই বর্তমানে স্পেনে নির্বাসিত জীবন কাটাচ্ছেন।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, গনসালেসেকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকার করার কোনো প্রশ্নই আসে না। প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ভেনেজুয়েলার সশস্ত্র বাহিনী শুধুমাত্র মাদুরোকেই প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেবে।

এদিকে হোয়াইট হাউস বলেছে, মাদুরোর গ্রেফতারের জন্য ঘোষিত পুরস্কার ভেনেজুয়েলার জনগণের সঙ্গে সংহতি প্রকাশ এবং মাদুরো ও তার মিত্রদের উপর চাপ সৃষ্টির উদ্দেশ্যে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *