বৈঠকে গুরুত্ব পেল নির্বাচন ও সংস্কার ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির

নিজস্ব প্রতিবেদক :
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। এ সময় দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে সংস্কার, আগামী নির্বাচন ও নির্বাচনের রোডম্যাপের বিষয়টি গুরুত্ব পেয়েছে এই আলোচনায়।

রোববার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত তাদের মধ্যে বৈঠক হয়। বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠক শেষে বেরিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত আমাদের এখানে এসেছিলেন। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যে আলোচনাগুলো হওয়ার কথা সে আলোচনাগুলোই হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সবার মনে প্রশ্ন আছে, সেগুলো বিশেষভাবে আলোচিত হয়েছে। একটি হলো নির্বাচন, কবে নির্বাচন হতে যাচ্ছে। আমাদের ভাবনা কী? আরেকটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, যেহেতু বাংলাদেশের সাথে ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতিকঘনিষ্ঠ সম্পর্ক আছে।

বিএনপির এই নেতা বলেন, সংস্কার বিষয়ে যে আলোচনা হচ্ছে সে বিষয়ে আমাদের ভাবনা কী, সে বিষয়ে আলোচনা হয়েছে। মূলত নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে। আমাদের পক্ষ থেকে আমরা যেটা সব সময় বলে আসছি, এ বছরের মধ্যে নির্বাচন সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি। অন্য কোনো ভাবনার দিকে না গিয়ে সরাসরি জাতীয় নির্বাচনের দিকে গিয়ে আগামী দিনে দেশে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *