দূরভিসন্ধি দেখতে চাই না সংস্কারের নামে বিরাজনীতিকরণের: রিপন

নিজস্ব প্রতিবেদক
সংস্কার কার্যক্রমের নামে বিরাজনীতিকরণের কোনো দূরভিসন্ধি দেখতে চান না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।

তিনি বলেন, সংবিধান মেনে গণঅভ্যুত্থান হয় না। বিশ্বের বিভিন্ন দেশে গণঅভ্যুত্থানের পর নির্বাচন হয়েছে। গণঅভ্যুত্থানের পর শ্রীলঙ্কায় নির্বাচন হয়েছে, তিউনিশিয়ায় নির্বাচন হয়েছে। সেসব দেশে কি সংস্কারের নামে বছরের পর বছর সময় নিয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও, আন্দোলন’ আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।

আসাদুজ্জামান রিপন বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের শাসন কায়েম হয়েছে, এটাই হচ্ছে নিয়ম। সংস্কার হচ্ছে জনগণের শাসন কায়েম করা, জনগণ তাদের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করবে। সুতরাং সংস্কারের নামে বছরের পর বছর সময় ক্ষেপণ করা, সেটা আমরা চাই না।

তিনি আরও বলেন, দেশের স্বার্থে, জনগণের কল্যাণে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দল সংস্কার কর্মসূচি গ্রহণ করবে। সংস্কার নামে বিরাজনীতিকরণের কোনো দূরভিসন্ধি কারও মাথায় যেন না থাকে। আমরা তা দেখতে চাই না। সেজন্য গ্রহণযোগ্য নির্বাচনের দিকে আমাদের দৃষ্টি রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *