ডা. এনামুর রহমান গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৬ জানুয়ারি) দিনগত মধ্যরাতে তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়।

ডিএমপির ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ডা. এনামুর রহমান সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা। রাজনীতিতে তার অভিষেক হয় ২০১৪ সালে। ওই বছর দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১৯ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে জয়লাভ করেন।

২০১৯ সালের ৭ জানুয়ারি শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন। তবে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের কাছে পরাজিত হন।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। পালিয়ে কিংবা আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের মন্ত্রী-এমপি এবং নেতাকর্মীরা। অনেকে গ্রেফতারও হন। তাদের বিরুদ্ধে শত শত মামলা হয় দেশের বিভিন্ন এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *