স্পোর্টস ডেস্ক :
বিপিএলের এবারের আসরে অন্যতম আলোচিত-সমালোচিত দল দুর্বার রাজশাহী। পারিশ্রমিক ইস্যুতে বেশ আলোচনায় ছিল ফ্র্যাঞ্চাইজিটি। ক্রিকেটারদের অনুশীলন বর্জন, ম্যাচের দিন সকালে হোটেল পরিবর্তনের পর বিদেশি ক্রিকেটারদের ম্যাচ বয়কটের মতো ঘটনাও ঘটেছে। এসবের মধ্যেই টানা তিন ম্যাচ জয়ের পর দলকে বোনাস দেবেন বলেও জানিয়েছেন রাজশাহীর ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান। একই সঙ্গে হুংকার দিয়েছেন তারা দেখিয়ে দেবে।
মাঠের বাইরে সমালোচনার ঝড় উঠলেও মাঠে দলের জয় আসছে, বিষয়টা দারুণ আনন্দ দিয়েছে দুর্বার রাজশাহীর ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান। এবার তিনি জানালেন, তার দল ‘দেখিয়ে দেবে’।
তার কথা, ‘আমাদের মাথাতেই ছিল যে আমরা (শেষ চারে) যাব। মানুষ অনেক কথা বলেছে, তবে আমরা বদ্ধপরিকর ছিলাম। আমরা দেখিয়ে দেব। বিদেশি খেলোয়াড়দের সঙ্গে এক ভুল–বোঝাবুঝি হয়েছিল, তবে আমাদের ছেলেরা তো আছেই।’
টানা তিন জয়ের পর শফিকুর রহমান জানালেন, তার দলের সবাইকে বোনাসও নিয়মিত দেওয়া হয়। তিনি বলেন, ‘আমরা সব সময় বোনাস দিই, ঘোষণা শুনবেন।’
রাজশাহী শুরুতে ৯ ম্যাচ থেকে জিতেছিল মোটে ৩টিতে। তবে শেষ দিকে জয়ের হ্যাটট্রিক করে দলটা চলে এসেছে প্লে অফের খুব কাছে। অন্য ম্যাচের ফল নিজেদের পক্ষে আসলেই শেষ চারে চলে যাবে দলটা।
দলটা এমন কীর্তি গড়েছে তাসকিনের অধীনে। অধিনায়কের প্রশংসা করে শফিকুর বলেন, ‘অধিনায়ক হিসেবে তাসকিন পারফেক্ট। আমরা তো এই পরিকল্পনা করেই করেছিলাম। অর্ধেক করবে (একজন), এক জায়গায় যাব, আরেকজন অর্ধেক করে শেষ করবে। সবার সঙ্গে কথা বলেই ক্যাপ্টেনসি পরিবর্তন করেছিলাম। কী করলে ভালো হয়। আমরা করেছি এবং সফলও হয়েছি।’