নিজস্ব প্রতিবেদক :
মহান ভাষা আন্দোলনের অমর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার বিকেল ৩টায় শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা-২০২৫। এবারের বইমেলার মূল প্রতিপাদ্য-‘ জুলাই গণ-অভ্যুত্থান:নতুন বাংলাদেশ নির্মাণ।’
‘অমর একুশে বইমেলা পরিচালনা কমিটি’র সদস্য সচিব ড. সরকার আমিন বৃহস্পতিবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
দেশের সবচেয়ে বড় আয়োজন মাসব্যাপী অমর একুশে বইমেলা-২০২৫ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উদ্বোধন করবেন।
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক ও প্রাবন্ধিক আবুল কাশেম ফজলুল হকের সভাপতিত্বে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাগত বক্তৃতা করবেন।
চলতি বছরে আয়োজিত এ মেলার রঙ হিসেবে বেছে নেওয়া হয়েছে লাল, কালো ও সাদা। বিপ্লবের প্রতীক হিসেবে লাল, শোকের প্রতীক হিসেবে কালো এবং আশার প্রদীপ হিসেবে চিরকালীন সাদা।
জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। সুতরাং অন্যান্য বছরের তুলনায় এবারের অমর একুশে বইমেলার প্রেক্ষাপটটাও ভিন্ন। এবারের অমর একুশে মেলায় গণঅভ্যুত্থানের নানা চিত্র ফুটিয়ে তোলা হবে। এরই পরিপ্রেক্ষিতে বইমেলায় থাকছে ‘জুলাই চত্বর’। মেলায় বিভিন্নভাবে উপস্থাপন করা হবে গণঅভ্যুত্থানকে।
বাংলা একাডেমি কর্তৃপক্ষ এবার বইমেলা প্রাঙ্গণে পরিবেশ সুরক্ষা সচেতন এবং জিরো ওয়েস্ট পরিবেশ বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে আয়োজনস্থল ও পার্শ্ববর্তী এলাকায় স্থাপিত সব স্টল, দোকান, মঞ্চ, ব্যানার, লিফলেট, প্রচারপত্র, ফাস্টফুড, কফিশপ, খাবারের দোকান ইত্যাদি প্রস্তুতে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার শতভাগ পরিহার করে পুন:ব্যবহারযোগ্য ও পরিবেশবান্ধব উপকরণ যেমন পাট, কাপড়, কাগজ ইত্যাদি ব্যবহার করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহবান জানানো হয়েছে।
প্রতি বছরের মতো এবারেও ২০২৪ সালে প্রকাশিত বইয়ের গুণগতমান ও শৈল্পিক উৎকর্ষের ওপর ভিত্তি করে মেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের পুরস্কার দেওয়া হবে।