নেই ট্রফি নিয়ে ফটোসেশন ফাইনালের আগে , আয়োজকদের দুষলেন তামিম

স্পোর্টস ডেস্ক :
এবারের বিপিএল একেবারের শেষ পর্যায়ে। আগামীকাল অনুষ্ঠিত হবে ফাইনাল। ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়েই পর্দা নামবে একাদশ আসরের। এদিকে ফাইনালের দুই দল এবং বিপিএলের ট্রফি নিয়ে এবার নেই কোনো ফটোসেশন। এর দায় আয়োজকদেরই দিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।

২০২৩ সালে বিপিএল ফাইনালের আগে ট্রফি নিয়ে মেট্রোরেলে ফটোসেশন করেছিলেন ইমরুল কায়েস ও মাশরাফি বিন মর্তুজা। গত বছরও ফাইনালের আগে ট্রফি নিয়ে আহসান মঞ্জিলে ফটোসেশন করেছিলেন বরিশালের মেহেদী মিরাজ ও কুমিল্লা ভিক্টরিয়ান্সের জাকের আলী অনিক। তবে এবারের ফাইনালের আগে এমন কিছুই নেই।

এ বিষয়ে বরিশালের অধিনায়ক তামিম আজ বলেন, ‘হ্যাঁ নিয়েছিল (বিসিবির গতবার ফাইনালের আগে ফটোসেশন) । আমি এ কথাটা বলছিলাম যে আমাদের এখানে দোষ আছে। এই জিনিসটা যদি আরও ভালোভাবে পরিকল্পনা করা যায়…আমি যে কারণে যাইনি কারণ, তার আগের রাতে আমি সেমিফাইনাল খেলেছি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমার সেখানে যাওয়া অসম্ভব ছিল। আমি নিশ্চিত, এটা হলে ভালো হতো। তবে ওই পরিকল্পনা যদি আগে থেকে জানা থাকে, যে দল ফাইনালে যাবে, পরিকল্পনাটা এমন। এটা খুব গুছিয়ে আয়োজন করা যেত।’

এদিকে এবারের বিপিএলে বেশিরভাগ ম্যাচেই বড় রানের দেখা মিলেছে। ৪৫ ম্যাচে ৮.৪৭ রানরেটে রান হয়েছে। তবে রানের দেখা মিললেও এবারের আসরে বেশ কিছু বিষয়ই বিতর্কের জন্ম দিয়েছে। অবশ্য এসব বিষয়ে গণমাধ্যমেরও অবদান দেখছেন তামিম।

তামিম বলেন, ‘আমি আবারও বললাম, এই বিপিএলে অনেক জিনিস নিয়ে কথা বলতে পারি। কীভাবে করলে ভালো হতো বা কী করা উচিত না। তবে আবারও বলি, অনেক ক্রিকেটার টুর্নামেন্ট খেলেছে। গণমাধ্যমেরও অবদান রয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *