স্পোর্টস ডেস্ক
এবারের বিপিএলের শুরু হয়েছে গত বছরের ৩০ ডিসেম্বর। এক মাসেরও বেশি সময় টি-টোয়েন্টির উত্তেজনা শেষে এবার পর্দা নামতে যাচ্ছে জনপ্রিয় এ ফ্র্যাঞ্চাইজি লিগের। আগামীকাল শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস।
এদিকে অবশেষে এবারের বিপিএলে প্রাইজমানি বাড়িয়েছে বিসিবি। বিপিএলের চ্যাম্পিয়ন দল আগে পুরস্কার পেতো ২ কোটি টাকা। এবার চ্যাম্পিয়ন দল ২ কোটি ৫০ লাখ টাকা অর্থ পুরস্কার পাবে। ছাড়া রানার্স আপ দলের পুরস্কারের অর্থও বাড়ছে।
আগে রানার্স আপ দল ১ কোটি টাকা পুরস্কার পেতো। তবে এবার তা বেড়ে হচ্ছে ১ কোটি ৫০ লাখ টাকা। মঙ্গলবার বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে।
একাদশ বিপিএলে ২ কোটি ৩ লাখ টাকা প্রাইজমানি বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামীকালের ফাইনাল সামনে রেখে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন প্রাইজমানির ঘোষণা দিয়েছে বিসিবি। দল ও ব্যক্তিগত পর্যায়ে মোট ১০ ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে।
নতুন করে প্রাইজমানির ক্যাটাগরিও বাড়িয়েছে বিসিবি। সেরা তিনে শেষ করা দল অর্থাৎ দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে বাদ পড়া দল ৬০ লাখ টাকা পাবে। চতুর্থ সেরা দল পাবে ৪০ লাখ টাকা। এদিকে টুর্নামেন্ট সেরা, ম্যাচসেরা, সর্বোচ্চ রান সংগ্রাহক, উইকেট সংগ্রাহক ও সেরা ফিল্ডারের প্রাইজমানি আগের মতোই রাখা হয়েছে।
এদিকে এবারের আসরে যে ক্রিকেটার টুর্নামেন্ত সেরা হবেন তিনি পাবেন ১০ লাখ টাকা। আর ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় পাবেন ৫ লাখ টাকা। সেই সঙ্গে সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেটশিকারি ক্রিকেটার পাবেন ৫ লাখ টাকা করে। আবার ইমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট এবং সেরা ফিল্ডার পাবেন ৩ লাখ টাকা।