ভারতের সহজ জয় গিল-শ্রেয়াসের দাপুটে ব্যাটিংয়ে

স্পোর্টস ডেস্ক :
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে জিতেছে ভারত। স্বাগতিকরা এবার ইংলিশদের মুখোমুখি ওয়ানডে ফরম্যাটে। সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছিল দুই দল যেখানে সফরকারীদের বিপক্ষে ৪ উইকেটের সহজ জয় পেয়েছে রোহিত শর্মার দল। আগে ব্যাট করে হার্ষির রানা-রবীন্দ্র জাদেজাদের দুর্দান্ত বোলিংয়ে ৪৭.৪ ওভারে ২৪৮ রানেই অল আউট হয় জশ বাটলারের দল। জবাবে ব্যাট করতে নেমে শ্রেয়াস আইয়্যারের ৫৯ রানের ঝড়ো ইনিংসের পর শুবমান গিলের দায়িত্বশীল সেঞ্চুরি ছোঁয়া ইনিংসে ৪ উইকেটে অনায়াস জয় পেয়েছে ভারত।

ইংল্যান্ডের বিপক্ষে আজকের সিরিজ দিয়েই ওয়ানডে অভিষেক হয়েছে যশ্বসী জয়সোয়ালের। তবে অভিষেকটা রাঙাতে পারেননি তিনি। ২২ বলে ১৫ রান করে জোফ্রা আর্চারের বলে আউট হন তিনি। আরেক ওপেনার রোহিত শর্মা লাল বলের ক্রিকেটের মতো আজ সাদা বলেও ব্যর্থ হয়েছেন। ৭ বলে ২ রান করেই বিদায় নিতে হয় তাঁকে।

১৯ রানে ২ ওপেনারকে হারিয়ে কিছুটা চাপেই পড়েছিল স্বাগতিকরা। তবে দীর্ঘদিন পর দলে ফেরা আইয়যার সে চাপ বুঝতেই দেননি। শুরু থেকেই তিনি আজ ছিলেন আগ্রাসী মেজাজে। ইংলিশ বোলারদের পাত্তা না দিয়ে দ্রুত রান তুলতে থাকেন তিনি।

তৃতীয় উইকেটে গিলের সঙ্গে ৯৪ রানের জুটি গড়েছিলেন আইয়যার। ৩৬ বলে ৫৯ রান করে তিনি সাজঘরে ফিরেন। এদিকে আইয়্যার ফেরার পর ভারতের হাল ধরেন গিল।

অক্ষর প্যাটেলকে নিয়ে গিল গড়েছিলেন ১০৮ রানের বড় এক জুটি। এ জুটিই ভারতকে সহজ জয়ের পথে নিয়ে যায়। ৪৭ বলে ৫২ রান করে অক্ষর আউট হলেও দলীয় ২৩৫ রান পর্যন্ত ক্রিজে ছিলেন গিল। ৮৭ রান করে তিনি আউট হন সাকিব মাহমুদের বলে ক্যাচ দিয়ে।

এরপর হার্দিক পান্ডিয়া ও জাদেজা মিলে সহজ জয় নিশ্চিত করেন। এর আগে ব্যাত হাতে ইংল্যান্ডের হয়ে দুই ওপেনার মিলে গড়েছিলেন ৭৫ রানের জুটি। ২৬ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলে ফিল সল্ট আউট হওয়ার পর বেন ডাকেট ২৯ বলে ৩২ রানে আউট হন। এরপর ইংলিশদের হয়ে ৫২ ও ৫১ রান করে করেছেন যথাক্রমে বাটলার ও জ্যাকব বেথেল। এ দুজনের পনাশোর্ধ রানের ইনিংসেই ২৪৮ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *