জনপ্রিয় টিভি সিরিজ ‘৪২০’ ফিরছে ‘৮৪০’ হয়ে

বিনোদন প্রতিবেদক :
বাংলাদেশের রাজনীতিবিদদের উত্থান-পতনের গল্প নিয়ে ২০০৭ সালে নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী নির্মাণ করেছিলেন টিভি সিরিজ ‘৪২০’। কিন্তু দেশের বিগত ১৫ বছরের রাজনৈতিক প্রেক্ষাপটে নানান ভিন্নতা দেখা গেছে নেতাদের মাঝে। সে বিষয় তুলে আনতেই দীর্ঘ এক অপেক্ষা! তাই এবার ‘৪২০’ ডাবল আপ হয়ে ফিরে আসছে ‘৮৪০’ হয়ে!
শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুকে ‘৮৪০’-এর ট্রেলার নির্মাতা নিজেই শেয়ার করেছেন। বলা যায় ফারুকীর ‘৪২০’ ফিরছে ‘৮৪০’ হয়ে। যার পুরো নাম ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’।

নির্মাতা ফারুকী এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘‘আগের অন্তর্বর্তী সরকারের সময় বানাই ‘৪২০’। প্রকৃতির কী বিচিত্র খেয়াল, আবার আসছে সে রকম একটা দুষ্টু কিছু, তাও আরেক অন্তর্বর্তী সরকারের আমলে; যার শুটিং করেছি ফ্যাসিবাদের কালে। খোদার কসম, এটি মুক্তি পাওয়ার পর তোমরা ভেবো না আমি আগেই জানতাম, এই সময়ে অন্তর্বর্তী সরকার থাকবে! তা না হলে এটি কোন সাহসে বানালাম?’’

ফারুকীর পোস্ট করা ভিডিও দেখে জানা গেছে, তার নতুন প্রকল্পটির নাম ‘৮৪০’। ভিডিওটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘পলিটিক্যাল স্যাটায়ারের জন্য বাংলাদেশ সব সময় উর্বরভূমি। যে কারণে ২০০৭-এ তৈরি হয়েছিল ‘৪২০’। কিন্তু গত ১৫ বছরে রাজনৈতিক দেউলিয়াত্ব ও তামাশা সবকিছুকে ছাড়িয়ে গেছে। এবার তাই আসছে ‘৪২০’-এর ডাবল-আপ ‘৮৪০’।’’

‘আচ্ছা মিলন? আমি এত ভালো উন্নয়ন করছি, তবুও একটা লোক আমাকে ভালোবাসলো না, কেন মিলন?’- ফোনকলে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে এই হতাশার সংলাপটি বলছিলেন এক রাজনৈতিক নেতা। ফোনের অপর প্রান্ত থেকে ভেসে আসে, ‘স্যার পাব্লিকরা চায় ডেমোক্রেসি, ওদের রুচি খারাপ স্যার’।

বাংলাদেশের রাজনীতিবিদদের নিয়ে গল্পে নির্মিত সিরিজ ‘৮৪০’ এর ট্রেলারে এমন একটি দৃশ্য দেখা গেছে। যা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে স্যোশার মিডিয়ায়।

‘৮৪০’ সিনেমায় অভিনয় করেছেন মারজুক রাসেল, জাকিয়া বারী মম, বিজরী বরকতউল্লাহ, শাহরিয়ার নাজিম জয়, নাদের চৌধুরী, তানজিম সাইয়ারা তটিনী, আশুতোষ সুজন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *