রিয়াল মাদ্রিদ ছেড়ে নিজের আদর্শ ক্লাব খুঁজে পেয়েছেন এন্ড্রিক

স্পোর্টস ডেস্ক

ব্রাজিলের তরুণ স্ট্রাইকার এন্ড্রিক বলেছেন, ২০২৬ বিশ্বকাপের আগে নিজের ক্যারিয়ার নতুন করে গড়তে ফরাসি লিগ ওয়ানের ক্লাব লিঁও তাঁর জন্য ‘আদর্শ জায়গা’।

শুক্রবার এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে ১৯ বছর বয়সী এন্ড্রিক বলেন, “আমি বিশ্বকাপে খেলতে লড়াই করব।” যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী বছরের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত হবে বিশ্বকাপ।

গত মে মাসে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার পর আর জাতীয় দলে ডাক পাননি এন্ড্রিক। রিয়াল মাদ্রিদ থেকে ধারে লিঁওতে খেলতে গেছেন এই ফরোয়ার্ড। চুক্তিতে তাঁকে স্থায়ীভাবে কেনার কোনো অপশন নেই। রোববার ফ্রেঞ্চ কাপের শেষ-৩২ পর্বে লিলের বিপক্ষে ম্যাচ দিয়ে লিঁওর হয়ে অভিষেক হতে পারে তাঁর।

এন্ড্রিক বলেন, “আমি আমার জন্য আদর্শ ক্লাব খুঁজে পেয়েছি। মাঠে নামার জন্য আর অপেক্ষা করতে পারছি না।” বর্তমানে লিগ ওয়ানে পঞ্চম স্থানে আছে লিঁও, শীর্ষে থাকা লঁসের চেয়ে তারা ১০ পয়েন্ট পিছিয়ে।

মৌসুমের প্রথম ভাগে রিয়াল মাদ্রিদে কোচ জাবি আলোনসোর অধীনে লা লিগায় মাত্র ১১ মিনিট খেলেছেন এন্ড্রিক। ২০২৪ সালে পালমেইরাস থেকে রিয়ালে যোগ দেন তিনি। এর আগের মৌসুমে, যখন আনচেলত্তিই রিয়ালের কোচ ছিলেন, তখন সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭ ম্যাচ খেলেছিলেন এন্ড্রিক। করেছিলেন সাত গোল, একটি অ্যাসিস্ট।

বিশ্বকাপে গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের প্রথম ম্যাচ ১৩ জুন মরক্কোর বিপক্ষে। এরপর তারা খেলবে হাইতি ও স্কটল্যান্ডের সঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *