ভারতে বিশ্বকাপ নিয়ে বিসিবির সিদ্ধান্তকে সাধুবাদ শরীফুলের

স্পোর্টস ডেস্ক
রাজশাহী ওয়ারিয়র্সের দারুণ পারফরম্যান্সে শেষ হয়েছে ২০২৬ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ফাইনাল ম্যাচে তারা চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

যদিও ফাইনালে হেরে রানার্সআপ হয়েছে চট্টগ্রাম রয়্যালস, তবু দুর্দান্ত বোলিং করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তাদের পেসার শরীফুল ইসলাম।

ফাইনালের পর সংবাদ সম্মেলনে শরীফুল খোলাখুলি কথা বলেছেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে। বাংলাদেশ দল এবার ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না, এই সিদ্ধান্ত নিয়ে তিনি বিসিবির পক্ষে কথা বলেছেন।

নিরাপত্তার শঙ্কার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দলকে ভারতে পাঠাবে না। বিসিবি আইসিসিকে দু’বার চিঠি দিয়ে বলেছে, বাংলাদেশের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কায় খেলা হয়। কিন্তু আইসিসি বারবার বলেছে, ভারতেই খেলতে হবে। তারা বিসিবির সঙ্গে একাধিকবার আলোচনা করেছে, এমনকি ভোটাভুটিও করেছে। সেখানে বাংলাদেশ ১২-২ ভোটে হেরে যায়।

শেষ পর্যন্ত আইসিসি বিসিবিকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয়, সিদ্ধান্ত বদলাতে হবে, নইলে বিশ্বকাপে খেলা যাবে না। কিন্তু বিসিবি সিদ্ধান্তে অটল থাকে। তারা স্পষ্ট জানিয়ে দেয়, ভারতে দল পাঠানো হবে না। ফলে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেছে।

শরীফুল বলেছেন, “বিসিবি আমাদের অভিভাবক। তারা যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা সাধুবাদ জানাই। এখন এসব নিয়ে আর বেশি কথা না বলাই ভালো।”

তিনি আরও বলেন, বিশ্বকাপে যাওয়া-না যাওয়া বিসিবির হাতে। খেলোয়াড়দের কাজ হলো নিজের পারফরম্যান্স ভালো করা। “আমি চেষ্টা করেছি, তামিম (তানজিদ হাসান) চেষ্টা করেছে। সবাই সেরাটা দিতে চায়। বিশ্বকাপ নিয়ে ভাবার চেয়ে নিজের খেলায় মন দিই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *