নিজস্ব প্রতিবেদক
এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের কারণে সাময়িকভাবে গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ায় তিতাস গ্যাসের আওতাধীন সব শ্রেণির গ্রাহকের চুলা ও গ্যাস সংযোগে স্বল্পচাপ বিরাজ করবে।
শুক্রবার (২৩ জানুয়ারি) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টা থেকে রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা এলএনজি থেকে প্রাপ্ত গ্যাস সরবরাহ কম থাকবে। এর ফলে তিতাস গ্যাসের অধিভুক্ত আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব শ্রেণির গ্রাহক স্বল্পচাপের সমস্যায় পড়তে পারেন।
কর্তৃপক্ষ আরও জানায়, নির্ধারিত সময়ে রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হলে গ্যাস সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে। এ সময় গ্রাহকদের গ্যাস ব্যবহারে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।