কিশোরগঞ্জ প্রতিনিধি ;
কিশোরগঞ্জের হোসেনপুরে ভুয়া দুই এনজিও কর্মীকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটককৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার গুপ্তরগাতী গ্রামের আ. রাজ্জাকের ছেলে মুরাদ মিয়া (৩৮) ও একই থানার ঝকার গ্রামের নজরুল ইসলামের ছেলে সোয়েব মোল্লা (২৭)।
গতকাল সোমবার দুপুর ৩টার দিকে হোসেনপুর পৌর এলাকার ঢেকিয়া গ্রামের মৃধা বাড়ি সংলগ্ন থেকে তাদেরকে আটক করা হয়। এ বিষয়ে আইনি পদক্ষেপ নিতে হোসেনপুর পৌর এলাকার বাসিন্দা মুন্নী আক্তার হোসেনপুর থানায় এজহার নামীয় অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি এই দুইজনসহ ৪ জনের নাম উল্লেখ করেন।
তারা হলেন, একই এলাকার আবু বক্কর মুন্সির ছেলে হাবিব মুন্সি (৪৫) ও মৃত ওয়াসেদ শেখের ছেলে মোস্তাফিজুর রহমান টুটুল (৪৮) ও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রতারক চক্রটি কৃষি ফাউন্ডেশন নামে ভুয়া এনজিওর কথা বলে সহজ-সরল লোকদের কাছ থেকে টাকা আত্মসাৎ ও প্রতারণা করে কৌশলে পালিয়ে যায়। তারা হোসেনপুর মহিলা কলেজের পাশে জনৈক মো. মহরম আলীর বিল্ডিং ভাড়া নিয়ে কার্যক্রম পরিচালনা করছিল।
হোসেনপুর থানার ওসি (তদন্ত) লিমন বোস জানান, তারা পুলিশের কাছে প্রতারণার দায় স্বীকার করে বলেন, দীর্ঘদিন ধরে এমন প্রতারণা করে আসছেন। স্থানীয়দের অভিযোগ কৃষি ফাউন্ডেশন নামে ভুয়া এনজিও কথা বলে ৫০,০০০ টাকা জমা দিলেই কম সুদে ৫,০০,০০০ টাকা ঋণ দেওয়া হয়। এভাবে প্রতারণা করে এ এলাকার হাওয়া আক্তারের কাছ থেকে ৩২,০০০ টাকা, রেহেনা আক্তারের কাছ থেকে ৩২০০০ টাকা, তাসলিমা আক্তারের কাছ থেকে ১১০০০ টাকাসহ অনেক গ্রাহকের কাছ থেকে ৫০-৭০ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি।
সোমবার এভাবেই পৌর এলাকার লোকজনের কাছ থেকে টাকা নিতে আসলে এলাকাবাসী ধাওয়া দিয়ে তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ দু-জনকে আটক করে থানায় নিয়ে আসে।
হোসেনপুর থানার ওসি মারুফ হোসেন জানান, আটককৃতদের নামে প্রতারণা মামলার পর মঙ্গলবার দুপুরে আদালতে পাঠালে তাদের কারাগারে প্রেরণ করা হয়।