বেনফিকার কাছে হেরে রিয়ালের সমালোচনায় মুখর এমবাপে

স্পোর্টস ডেস্ক
লিসবনে বেনফিকার বিপক্ষে হতাশাজনক পরাজয়ের পর নিজের দল রিয়াল মাদ্রিদের কঠোর সমালোচনা করেছেন কিলিয়ান এমবাপে। ম্যাচে রিয়ালের হয়ে দুটি গোল করলেও ৪–২ ব্যবধানে হারের হাত থেকে দলকে বাঁচাতে পারেননি ফরাসি ফরোয়ার্ড। এই পরাজয়ের ফলে টানা দ্বিতীয় মৌসুমের মতো চ্যাম্পিয়ন্স লিগের প্লে–অফ রাউন্ডে নেমে গেল স্প্যানিশ জায়ান্টরা।

লিগ পর্ব শেষ করার আগে ভালো পারফরম্যান্সের মাধ্যমে ছন্দে ফেরার সুযোগ ছিল রিয়ালের সামনে। কিন্তু শক্তিশালী পারফরম্যান্সের বদলে রক্ষণভাগের ভাঙন ও ধারাবাহিকতার অভাবে দীর্ঘ সময় ম্যাচের নিয়ন্ত্রণ হারায় তারা। ম্যাচ শেষে মিক্সড জোনে কথা বলতে গিয়ে হতাশা লুকাননি এমবাপে।

তিনি বলেন, “এর কোনো পরিষ্কার ব্যাখ্যা আমার কাছে নেই। আমাদের খেলায় ধারাবাহিকতা নেই, আর এটা বড় সমস্যা। একদিন ভালো খেলবে, পরদিন হারিয়ে যাবে- এভাবে কোনো চ্যাম্পিয়ন দল চলে না। ফেব্রুয়ারিতে উন্নতি করার লক্ষ্য ছিল আমাদের, কিন্তু আমরা যে জায়গায় আছি, সেটারই যোগ্য।”

পরাজয়ের ধরন নিয়েও তীব্র সমালোচনা করেন ফ্রান্স অধিনায়ক। চার গোল হজম করা এবং ম্যাচের নিয়ন্ত্রণ হারানোকে ‘লজ্জাজনক’ বলেও উল্লেখ করেন তিনি। এমবাপে বলেন, “আমরা খুবই বাজেভাবে খেলেছি। ৩–২ এ হারলেও চতুর্থ গোল আসলে কিছু বদলায় না। এটা কিছুটা বিব্রতকর, কিন্তু বাস্তবতা বদলায় না। গত সপ্তাহে ভালো খেলেছি, কিন্তু এবার নয়। আমাদের ঘাটতি সব জায়গায়, এটা শুধু মনোভাবের সমস্যা নয়, আবার শুধু ফুটবলেরও নয়। চ্যাম্পিয়ন্স লিগে প্রতিটি খুঁটিনাটি গুরুত্বপূর্ণ। সবকিছু না দিলে জয় আসে না।”

ইউরোপের হতাশা কাটিয়ে এবার লা লিগায় মনোযোগ দিচ্ছে রিয়াল মাদ্রিদ। রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে রায়ো ভায়েকানোর মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল। সেই ম্যাচে সমর্থকদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন এমবাপে।

তিনি বলেন, “আমরা এখনও টুর্নামেন্ট থেকে বাদ পড়িনি এবং লা লিগায় আমাদের পারফরম্যান্স ভালো যাচ্ছে। আমি বার্নাব্যুর দর্শকদের কাছে সমর্থন চাই। তারা যদি আমাদের পাশে থাকে, তাহলে রোববার আমরা ভালো একটি ম্যাচ খেলতে পারব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *