জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে সপরিবারে উপস্থিত হয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মসূচি হিসেবে তিনি বাবা-মায়ের কবরের পাশে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন। এরপর স্ত্রী, কন্যা, ছোট ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে বিশেষ মোনাজাতে অংশ নেন।
এসময় দেশের শান্তি, সমৃদ্ধি এবং মরহুম নেতাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এরআগে, বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান। একই অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার ৪৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন।