তিশা আপু বলেছিলেন, ফারহান আমার জামাই হয়’

বিনোদন ডেস্ক
মুশফিক আর ফারহানের সঙ্গে তানজিন তিশার সম্পর্কের গুঞ্জন নিয়ে নতুন করে কিছু বলার নেই। শোনা যায় ফারহানের সঙ্গে মনোমালিন্যের কারণেই আত্মহত্যা করতে গিয়েছিলেন অভিনেত্রী। এবার অভিনেত্রী সামিয়া অথৈর দাবি, ফারহানের সঙ্গে সম্পর্ক চলাকালীন তাকে অভিনেতার সঙ্গে কাজ থেকে বিরত থাকতে হুমকি দিয়েছিলেন তিশা। কারণ জানতে চাইলে তিশা বলেছিলেন, ফারহান তার জামাই হয়।

আজ মঙ্গলবার নিজের ফেসবুক থেকে লাইভে এসে কথাগুলো বলেন সামিয়া অথৈ। এর পেছনের কারণ, শুটিং সেটে তিশার দ্বারা মারধরের শিকার হয়েছেন সামিয়া অথৈ। মানিকগঞ্জ রাফাত মজমুদার রিংকুর একটি নাটকের শুটিং চলাকালীন সময়ে এ ঘটনা ঘটেছে। সামিয়া অথৈর দাবি পূর্বের রাগ মেটাতেই তার ওপর ঝাপিয়ে পড়েছিলেন তিশা।

লাইভে সামিয়া জানান, তিশার নতুন সিনেমার খবরে আনন্দিত হয়ে ঢাকা থেকে একটি উপহার নিয়ে যান। কিন্তু তিশা সে উপহার নিতে অস্বীকৃতি জানান। এতে অথৈ হতবাক হয়ে চুপ হয়ে যান।

এরপর গতকাল ২ মার্চ অথৈয়ের প্রথম দৃশ্যের ধারণ চলাকালীন তানজিন তিশা স্ক্রিপ্টের বাইরে গিয়ে সবার সামনে ইচ্ছাকৃতভাবে অথৈকে মারধর করেন। সজোরে খামচি দিয়ে রক্তাক্ত করে ফেলেন বলে জানান অথৈ। বিষয়টি চরম অপমানজনক হলেও তিনি কিছু বলেননি তিশাকে।

এদিকে মনিটরে তিশার কাণ্ড দেখে হতবাক রিংকু, মীর রাব্বী ও অভিনেতা শহীদুজ্জামান সেলিম। সেলিম অথৈয়ের কাছে জানতে চান তিশার এমন আচরণের কারণ। আগে থেকে কোনো দ্বন্দ্ব আছে কি না সে বিষয়েও প্রশ্ন করেন।

সে সময় সেলিমকে সামিয়া অথৈ জানান, এর আগে অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে কাজ থেকে বিরত থাকতে তাকে ফোন করে হুমকি দিয়েছিলেন তিশা। শুধু তাকেই নয়, অভিনেত্রী কেয়া পায়েলসহ আরও অনেককেই ফোন করে ফারহানের সঙ্গে কাজ করতে নিষেধ করে হুমকি দেন তিশা।

সামিয়া অথৈর কথায়, আমাকে ফারহানের সঙ্গে কাজ করতে নিষেধ করলে আমি বলি, আপু আমি তো আর্টিস্ট। সবার সঙ্গেই কাজ করতে হয়। কেন ফারহান ভাইয়ের সঙ্গে কাজ করব না। তখন তিশা আপু বলেন, ফারহান আমার জামাই হয়।

লাইভের ক্যাপশনে অথৈ লিখেছেন, শুটিং সেটে তানজিন তিশা কেন আমাকে মারলো? এর সঠিক বিচার চাই। সম্মান সবার প্রাপ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *