শেষ হচ্ছে ‘দেনা পাওনা’, মানছেন না দর্শকরা

বিনোদন প্রতিবেদক
আগামীকাল সোমবার দেখা যাবে জনপ্রিয় ধারাবাহিক ‘দেনা পাওনা’র ১২৪তম পর্ব। এর মাধ্যমে সিরিয়ালটির পথচলা থামাবেন পরিচালক কেএম সোহাগ রানা। কিন্তু মানতে চাইছেন না দর্শক। তাদের দাবি, সিরিয়ালটি আরও দীর্ঘ হোক।

সামাজিক মাধ্যমে নেটিজেনদের অনেকে ‘দেনা পাওনা’ বন্ধের বিপক্ষে অবস্থান নিয়েছেন। নির্মাতা জানান, মেসেঞ্জারেও অসংখ্য খুদে বার্তা এসেছে। বার্তা প্রেরকদের একটাই চাওয়া— ‘দেনা পাওনা’ চলুক।

খুদে বার্তার ভাষা হরেক রকম। কেউ নির্মাতাকে অনুরোধ করছেন। কেউ করছেন দাবি। কেউ দেখাচ্ছেন মেজাজ। তারা খায়রুল-নিপাদের গল্প এত শিগগিরই শেষ হোক চাইছেন না। কেউ কেউ আবার নির্মাতার এরকম সিদ্ধান্তে করছেন গালাগাল।

নেটিজেনদের কিছু মন্তব্য চোখে পড়ার মতো। একজন লিখেছেন, ‘হুমায়ূন আহমেদ চলে যাওয়ার পর সম্ভবত এত চমৎকার ধারাবাহিক নাটক আর কেউ বানায়নি।’ কারও মতে পুরোটা সিরিজ দুঃখের দৃশ্যে ভরপুর। হ্যাপি এন্ডিং চাইছেন তারা। একজনের কথায়, ‘এতদিন শুধু দর্শকে কষ্টের সিন দেখিয়েছেন, কমপক্ষে ৮ থেকে ১০ টা পর্ব সুখের সিন দেখানো উচিত।’

অন্য এক নেটাগরিকের দাবি শেষ পর্ব দুটির দৈর্ঘ্য যেন বড় হয়। কারও কথায়, ‘‘দেনা পাওনা’ আমাদের পরিবারের একটি অংশ হয়ে গেছে ভাই, প্লিজ আরও কিছু পর্ব দিন।’’

ঈদ উপলক্ষে ‘দেনা পাওনা’-এর বিশেষ সাত পর্ব
অনেকে চাইছেন ‘দেনা পাওনা’র দ্বিতীয় সিজন যেন আনা হয়। সেরকম কোনো পরিকল্পনা আছে কি? জানতে চাইলে নির্মাতা জানান, এখন কিছু ভাবেননি।

তবে আগামীকাল ধারাবাহিকটি শেষ হলেও এর ভক্তদের জন্য থাকছে বিশেষ চমক। আসন্ন ঈদুল ফিতরে সাত দিনব্যাপী প্রচারিত হবে ‘দেনা পাওনা’র ঈদ স্পেশাল।

‘দেনা পাওনা’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, তাবাসসুম ছোঁয়া, শহীদুজ্জামান সেলিম, শিল্পী সরকার অপু, মনিরা আক্তার মিঠু, এমএনইউ রাজু, ডা. এজাজুল ইসলাম, সুষমা সরকার, মুসাফির সৈয়দ, এবি রোকন, তানজিম হাসান অনিক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *