নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, যে বিপ্লবের স্বপ্নে আমরা বিভোর আছি তার জন্য জানমাল কুরবানির জন্য প্রস্তুতি নিতে হবে। আমি চাই আপনারা আগামী আন্দোলনে ত্যাগ-তিতিক্ষার জন্য প্রস্তুত থাকুন।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রাজধানী কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তন বাংলাদেশ খেলাফত মজলিস, ঢাকা মহানগরের উদ্যোগে সংগঠনের কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মামুনুল হক বলেন, প্রয়োজনে আমরা জেল জুলুম বরণ করবো কিন্তু অন্যায়ের সঙ্গে আপস করবো না। ভবিষ্যতে আন্দোলন সংগ্রামে কেন্দ্রীয় নেতারা যেভাবে নির্দেশনা দেবেন আপনারা সেভাবে কাজ করবেন। বাংলাদেশের প্রতিটি গ্রামে প্রশিক্ষিত কর্মী গড়ে তুলতে হবে।
তিনি বলেন, আমারা বৈষম্যবিরোধী নেতৃবৃন্দকে বলতে চাই, তোমরা সামনে এগিয়ে যাও, বাংলাদেশের ইসলামী দলগুলো তোমাদের সঙ্গে আছে। ভারত বাংলাদেশকে ধ্বংস করার জন্য তার সব অপকৌশল প্রয়োগ করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে। ভারতের আগ্রাসন প্রতিরোধ করার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এদেশের মাটি থেকে ভারতীয় আগ্রাসনের শিকড় উপড়ে ফেলতে হবে। আগামীর বাংলাদেশ হবে সাম্যের বাংলাদেশ।
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আরো বলেন, দীর্ঘ ১৫-১৬ বছর যে নির্যাতন হয়েছে তার বিচারের আগে বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। নির্বাচন নয়, বিচার চাই। খুনি হাসির ফাঁসি কার্যকর করতে হবে। ইসলামকে রাষ্ট্রে কায়েম করে খেলাফত কায়েম করতে হবে। এটাই আমাদের চূড়ান্ত প্রত্যাশা।
বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুফতি নূর মোহাম্মদ আজিজির সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মূফতি হাবীবুর রহমান কাসেমী প্রমুখ।