একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-মালয়েশিয়া হালাল পণ্যের প্রসারে

নিজস্ব প্রতিবেদক :
হালাল পণ্যের বাজার প্রসারে ও হালাল ইকোসিস্টেম উন্নয়নে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও মালয়েশিয়া। হালাল সনদ প্রদানে ইসলামিক ফাউন্ডেশনের দক্ষতা বৃদ্ধিতে রিভার্স লিংকেজ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন দুই দেশের কর্মকর্তারা।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে ইসলামিক ফাউন্ডেশনের হালাল সনদ বিভাগের সঙ্গে সিরুনাই মালয়েশিয়া এবং ইসলামিক উন্নয়ন ব্যাংকের প্রতিনিধি দলের মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

সভায় জানানো হয়, রিভার্স লিংকেজ প্রকল্প দেশকে আন্তঃসংযোগের মাধ্যমে হালাল ইকোসিস্টেম উন্নয়নের ক্ষেত্রকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডায়াগনস্টিক মিশন হালাল ইকোসিস্টেম উন্নয়নের জন্য বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে রিভার্স লিংকেজ প্রজেক্টের বিভিন্ন দিক নিয়ে সভায় আলোচনা হয়।

বক্তারা বলেন, প্রকল্পটি বাংলাদেশের বর্তমান হালাল ইকোসিস্টেমকে সমৃদ্ধ করার পাশাপাশি মালয়েশিয়া ও বাংলাদেশ থেকে প্রাসঙ্গিক জ্ঞান, প্রযুক্তি এবং দক্ষতা বিনিময়সহ দুই দেশের মধ্যে সম্ভাব্য বাণিজ্য ও বিনিয়োগ অন্বেষণের মাধ্যমে সহযোগিতার সুযোগ চিহ্নিত করে হালাল বাজারকে প্রসারিত করবে।

সভায় উপস্থিত ছিলেন- ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. সাইফুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন হালাল সনদ বিভাগের উপ-পরিচালক ড. মো. আবু ছালেহ পাটোয়ারী, আন্তর্জাতিক অংশীদারিত্ব এবং গ্লোবাল ইভেন্টের প্রকল্প পরিচালক ইন্তান সুরিয়া রামলি, সিরুনাই হালাল সেন্টার অব এক্সিলেন্সের প্রধান উস্তাজ মোহাম্মদ জাবাল, সিরুনাই হালাল সেন্টার অন এক্সিলেন্সের ম্যানেজার এ এন নাবিল জারিনি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *