নাহিদ রানার ৫ উইকেট, বাংলাদেশের ১৮ রানের লিড

গতি, গতি আর গতি—নাহিদ রানার বোলিংয়ের মূলমন্ত্রই এটি। কিংস্টনের স্যাবাইনা পার্ক টানা দুই দিন দেখল সেই গতির ঝড়। ক্যারিবিয়ান সাগরের হারিকেনের মতোই সেই গতির ঝড়ে লন্ডভন্ড হলো ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। যে ঝড়ে রানা তুলে নিলেন টেস্ট ক্যারিয়ারে ইনিংসে প্রথম ৫ উইকেট আর বাংলাদেশ পেল ১৮ রানের লিড।

প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ কিংস্টনে দ্বিতীয় দিন শুরু করেছিল ১ উইকেটে ৭০ রান নিয়ে। এর সঙ্গে ৭৬ রান যোগ করতেই যে বাকি ৯ উইকেট শেষ, তাতে বড় আঘাতটি রানারই।

দিনের শুরুতে পরপর দুই ওভারে ফিরিয়েছেন কার্লোস ব্রাফেট ও কাভেম হজকে। এর মধ্যে ক্যারিবীয় অধিনায়ক ব্রাফেটের ১২৯ বলে খেলা ৩৯ রানের ইনিংস থামিয়েছেন গালিতে ক্যাচ দিতে বাধ্য করে। আর পরের ওভার হজ শিকার লিটন দাসের অসাধারণ ক্যাচে।

আগের দিনের মতো এ দিনও একের পর এক গতিময় ডেলিভারিতে ক্যারিবীয় ব্যাটসম্যানদের তটস্থ রেখেছেন রানা। আর সেই চাপেই অ্যালিক আথানাচ, জশুয়া ডি সিলভারা উইকেট দিয়েছেন অন্যদেরও। দিনের শুরুতে রানা দুই উইকেট তুলে নেওয়ার পর একজন একজন করে উইকেটশিকারির খাতায় নাম লিখিয়েছেন তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *