মেয়াদ বাড়লো ৩ মাস গুম কমিশনের

নিজস্ব প্রতিবেদক :
আওয়ামী লীগ সরকারের আমলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের মেয়াদ তিন মাস বাড়ানো হয়েছে। মঙ্গলবার গুম কমিশনের মেয়াদ আগামী ১৫ মার্চ পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
আগের সময়সীমা অনুযায়ী ১৫ ডিসেম্বরের মধ্যে গুম কমিশনকে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। গত ২৭ আগস্ট এ কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার।

কমিশন ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে গত ৫ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার মাধ্যমে গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, তাদের শনাক্ত এবং কোন পরিস্থিতিতে গুম হয়েছিল তা নির্ধারণ করবে। কমিশন ‘কমিশন অব ইনকয়ারি অ্যাক্ট, ১৯৫৬’ অনুসারে তদন্তকার্য সম্পন্ন করে তিন মাসের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা ছিল।

এ কমিশনের সভাপতি হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ‌মইনুল ইসলাম চৌধুরী। কমিশনে সদস্য হিসেবে রয়েছেন- হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. ফরিদ আহমেদ শিবলী, মানবাধিকার কর্মী নূর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস, মানবাধিকারকর্মী সাজ্জাদ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *