নিজস্ব প্রতিবেদক ;
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। রোববার ফাইনালে শক্তিশালী ভারতকে ৫৯ রানে হারিয়ে শিরোপা জিতেছে যুব টাইগাররা। বিজয়ের মাসে এমন অর্জনে জাতির পক্ষ থেকে টাইগার যুবাদের অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রোববার এক অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, বিজয়ের মাসে আন্তর্জাতিক বিজয়ের জন্য গর্বিত, জাতির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।
এর আগে ট্রফি জয়ে বাংলাদেশ যুব দলকে শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ম্যাচ জয়ের কিছুক্ষণের মধ্যেই এক বিবৃতিতে আজিজুল হাকিম তামিমের দলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এছাড়া যুব টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও।
ফাইনালে জয়টা সহজ ছিল না বাংলাদেশের জন্য। টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। ইনিংস বিরতির সময় ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনের সামনে লক্ষ্যটাকে মামুলিই মনে হচ্ছিল। কিন্তু বাংলাদেশি পেসারদের অবিশ্বাস্য বোলিংয়ে সেই লক্ষ্যটাই পাহাড়সম হয়ে দাঁড়ায় ভারতের সামনে। ৩৫ ওভার ১ বলে টুর্নামেন্টের সর্বোচ্চ চ্যাম্পিয়নদের মাত্র ১৩৯ রানে অলআউট করে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ।