গাইবান্ধা প্রতিনিধি ;
গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াতকর্মী শাহাবুল ইসলামকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় আওয়ামী লীগকর্মী শ্যামল চন্দ্রকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত শ্যামল চন্দ্র বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামের মৃত নেপাল চন্দ্রের ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বামনডাঙ্গা স্টেশন বাজার এলাকা থেকে শ্যামল চন্দ্রকে গ্রেফতার করে। শ্যামল চন্দ্র জামায়াতকর্মী শাহাবুল হত্যা মামলার এজহার নামীয় ৩৪ নম্বর আসামি।
ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, জামায়াতকর্মী হত্যা মামলার এজহার নামীয় আসামি শ্যামল চন্দ্রকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বামনডাঙ্গার মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে শাহাবুল ইসলাম নামের এক জামায়াতকর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা ঘটনা ঘটে। এর প্রায় সাড়ে ১০ বছর পর নিহতের ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদী হয়ে গত ২২ অক্টোবর সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করে ৭৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনের নামে এ মামলা দায়ের করেন।