লিজ দেওয়ার সুযোগ নেই মৃত নদী দেখিয়ে জায়গা: পানিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :
দেশের নদ-নদীর সংখ্যা নির্ধারণ বিষয়ক এক অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা রিজওয়ানা হাসান

আগামী পহেলা বৈশাখে নদ-নদীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, মৃত নদী বলতে কোনো নদী নেই, প্রবাহহীন বলতে পারেন। প্রবাহহীন নদীকে প্রবাহমান করার অনেক প্রক্রিয়া বা রাস্তা আছে। মৃত নদী দেখিয়ে নদীর জায়গা ইজারা বা লিজ দেওয়ার কোনো সুযোগ নেই।

মঙ্গলবার রাজধানীর পানি ভবনের মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত বাংলাদেশের নদ-নদীর সংখ্যা নির্ধারণ বিষয়ক এক অবহিতকরণ সভায় এসব কথা বলেন উপদেষ্টা রিজওয়ানা হাসান।

নদ-নদীর চূড়ান্ত তালিকা প্রকাশ করার ক্ষেত্রে পানি সম্পদ মন্ত্রণালয়, নৌ- পরিবহন মন্ত্রণালয় এবং সঙ্গে ভূমি মন্ত্রণালয়কেও যুক্ত করা হবে বলেও জানান তিনি।

রিজওয়ানা হাসান বলেন, আমরা কিন্তু হাওরের তালিকা চূড়ান্ত করে ফেলেছি, বিলেরও একটা তালিকা চূড়ান্ত হয়েছে। পরবর্তী কাজ হচ্ছে খালের তালিকা চূড়ান্ত করা।

অবহিতকরণ সভায় ভার্চুয়ালি যুক্ত থাকা সারাদেশের জেলা প্রশাসকদের আগামী ৩ মাসের মধ্যে জেলার সব খালের তালিকা রেকর্ড অনুযায়ী যাছাই-বাছাই করে মন্ত্রণালয়ে পাঠানোর জন্য নির্দেশনা দেন উপদেষ্টা।

পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্মসচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভূঞাসহ পানিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা ভার্চুয়াল প্লাটফর্মে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *