স্থাপন করতে চায় বাংলাদেশ গণহত্যার বিচারে দৃষ্টান্ত : উপদেষ্টা নাহিদ

নিজস্ব প্রতিবেদক :
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণহত্যার বিচার করে বাংলাদেশ বিশ্বের সামনে দৃষ্টান্ত স্থাপন করতে চায়।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আন্তর্জাতিক জুরিস্ট ইউনিয়নের প্রতিনিধিদল সাক্ষাৎ করতে এলে এ কথা বলেন উপদেষ্টা ।

তথ্য উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যে গণহত্যা চালিয়েছে তা এক কথায় কল্পনাতীত। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ চায় এ গণহত্যার বিচার হোক। বর্তমান অন্তর্বর্তী সরকার স্বচ্ছতা এবং নিরপেক্ষতার মাধ্যমে এই গণহত্যার বিচার করতে প্রতিশ্রুতিবদ্ধ।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণহত্যার বিচার শুধুমাত্র বাংলাদেশের নির্যাতিত এবং গণহত্যার শিকার মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য নয় বরং বিশ্ব মানবতার বিরুদ্ধে অপরাধের পরিণাম হিসেবে সম্পন্ন করা প্রয়োজন।

তিনি আরো বলেন, এই বিচার প্রক্রিয়ার ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর রয়েছে। অন্তর্বর্তী সরকার এ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে।
আন্তর্জাতিক জুরিস্ট ইউনিয়নের পরামর্শ, সহযোগিতা এবং অভিজ্ঞতা বর্তমান অন্তর্বর্তী সরকার গ্রহণ করবে বলেও জানান তিনি।

সাক্ষাৎকারের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থান নিয়ে তৈরি করা ভিডিও ‘জুলাই অনির্বাণ’ প্রতিনিধিদলকে দেখানো হয়।

আন্তর্জাতিক জুরিস্ট ইউনিয়নের প্রতিনিধিদল জুলাই গণহত্যার বিচারের সময়কাল এবং প্রক্রিয়া নিয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার দ্রুততম সময়ে অত্যন্ত স্বচ্ছ ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সম্পন্ন করা হবে। এ বিচার কখনোই প্রতিশোধমূলক হবে না কারণ বিচার মানেই ন্যায়বিচার। বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিতে দেশ-বিদেশের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, আইসিটি পলিসি এডভাইজার ফয়েজ আহমদ তৈয়্যব ছাড়াও জুরিস্ট ইউনিয়নের প্রতিনিধিদলে ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডিন, তুরস্কের চারটি গণঅভ্যুত্থানে বিচারিক অভিজ্ঞতা সম্পন্ন চিফ প্রসিকিউটর, তুরস্কের একাধিক সাবেক সংসদ সদস্য, তুরস্কের সিভিল সোসাইটির প্রতিনিধি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাংলাদেশের প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *