নিজস্ব প্রতিবেদক :
জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আর কারো চোখ রাঙানিকে পরোয়া করে না। বিভিন্ন দেশে কারারুদ্ধ বাংলাদেশিদের মুক্ত করার ব্যাপারে সরকারের উদ্যোগী হতে হবে। জাতীয় স্বার্থের জায়গায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বুধবার রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, বিগত সরকারের আমলে জামায়াতে ইসলামীর ৫ শতাধিক নেতাকর্মী শহিদ হয়েছেন। এছাড়া জুলাই-আগস্টের বিপ্লবে জাতির বিরুদ্ধে তৎকালীন সরকার যুদ্ধ করেছে।
তিনি আরো বলেন, দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন প্রয়োজন। প্রাপ্তবয়স্ক সবার ভোটাধিকার নিশ্চিত এবং সংসদীয় আসনের পুনর্বিন্যাসের মাধ্যমে নির্বাচন দিতে হবে। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে।