দরকার ছিল’ ‘৩০০ রানের বেশি করা

ক্রীড়া প্রতিবেদক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটের হারে সিরিজ হেরেছে বাংলাদেশ। ক্যারিবীয় বোলারদের সামনে খেই হারায় সফরকারীরা। প্রতিপক্ষকে বড় লক্ষ্য দিতে না পারায় এখন লাল-সবুজের দলের সামনে কেবলই হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য।

মেহেদী হাসান মিরাজ এমন পরাজয়ের জন্য ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করেছেন। টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক অন্তত তিন শতাধিক রান স্কোরবোর্ডে তোলা উচিৎ ছিল বলে মন্তব্য করেন।

ম্যাচ শেষে মিরাজ বলেন, ‘মাঝের ওভারগুলোয় আমরা ভালো ব্যাটিং করিনি। কোনো জুটি হয়নি, একের পর এক উইকেট পড়েছে। মাহমুদউল্লাহ ও সাকিব (তানজিম) ভালো খেলেছে তবে ভুলটা আমাদেরই।’

‘সিলসরা ভালোই বল করছিল। আমরা শুরুতে রান উঠাতে পারছিলাম না। ৪ উইকেট পড়ে যাওয়ার পরও ভেবেছিলাম ঘুরে দাঁড়ানো সম্ভব। আমাদের স্কোর যথেষ্ট ছিল না, ৩০০ রানের বেশি করা দরকার ছিল।’

বাংলাদেশ ১১৫ রান তুলতেই তারা ৭ উইকেট হারিয়ে ফেলে। সেখান থেকে মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিবের ৯২ রানের জুটি সফরকারীদের ২২৭ রানের পুঁজি এনে দেয়। উইন্ডিজ অবশ্য মাত্র ৩৬.৫ ওভারেই মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্য তাড়ায় সফল হয়।

বোলাররা আহামরি ভালো করতে না পারলেও মিরাজ অবশ্য তাদের দায় দেননি। তার ভাষ্য, ‘প্রথম ১০ ওভারে আমরা দারুণ বোলিং করেছি, বিশেষ করে আমাদের সেরা বোলার রানা। এই উইকেটে এই স্কোর ডিফেন্ড করা বোলারদের জন্য খুব কঠিন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *