নিজস্ব প্রতিবেদক :
কিশোরগঞ্জের মিঠামইন হাওরের বুকে গড়ে তোলা ‘প্রেসিডেন্ট রিসোর্ট’ নিয়ে নতুন করে তদন্ত শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সাবেক ডিআইজি হারুন অর রশিদ অবৈধভাবে কৃষকাদের জমি দখল করে এই রিসোর্ট নির্মাণ করেছেন, এমন অভিযোগের ভিত্তিতে এনবিআর, দুদক, গণপূর্ত ও ল্যান্ড সার্ভেয়ারসহ সরকারের চারটি সংস্থা অনুসন্ধান চালাচ্ছে।
প্রাথমিক তদন্তে রাজস্ব বিভাগের কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন, রিসোর্টটি অবৈধভাবে গড়ে তোলা হয়েছে এবং সেখানে ব্যবহৃত অর্থের উৎসও সন্দেহজনক। হাওরের প্রকৃতি ও কৃষিজমি বিনষ্ট করে রিসোর্ট গড়ায় স্থানীয় কৃষকরা ক্ষুব্ধ। তারা এখন তাদের জমি ফিরে পেতে চাইছেন।
২০২১ সালে চালু হওয়া এই রিসোর্টটি ৪০ একর জমির উপর প্রতিষ্ঠিত, যেখানে ৪০টি রুম রয়েছে। একটি রুমের ভাড়া এক রাতের জন্য ১০ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ছিল। রিসোর্টটিতে বিশেষ করে মন্ত্রী, এমপি, ব্যবসায়ী ও মিডিয়া ব্যক্তিত্বদের নিয়মিত যাতায়াতের খবর পাওয়া যায়। তবে বর্তমানে রিসোর্টটি জনশূন্য।
এর আগে, অভিযান চালিয়ে এনবিআর চারটি হার্ডডিস্ক ও গুরুত্বপূর্ণ দাফতরিক নথি উদ্ধার করেছে। সরকারি সংস্থাগুলো এখন রিসোর্টের অর্থনৈতিক কার্যক্রম ও তার সঙ্গে যুক্ত সব বেআইনি কার্যকলাপ নিয়ে তদন্ত করছে।
জানা গেছে, তদন্ত শেষে সিদ্ধান্ত নেয়া হবে, প্রেসিডেন্ট রিসোর্টটি ভবিষ্যতে হাওরের এক বিরক্তিকর কৃত্রিম সৃষ্টিরূপে থাকবে নাকি সেটি গুড়িয়ে দিয়ে কৃষিজমি ফিরিয়ে দেওয়া হবে।