কিউইদের তিনশ পার দারুণ সূচনার পর হোঁচট, অতঃপর

স্পোর্টস ডেস্ক :
শতাধিক রানের উদ্বোধনী জুটিতে দারুণ শুরুই পেয়েছিল নিউজিল্যান্ড। এরপর অবশ্য ইংলিশ বোলারদের নৈপুণ্যে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে স্বাগতিকরা ছন্দ হারিয়ে বসে। শেষদিকে অবশ্য মিচেল স্যান্টনার ও বিদায়ী টেস্ট খেলতে নামা টিম সাউদির ব্যাটে কিউইরা দলীয় স্কোর তিনশ পেরিয়ে দিন পার করেছে।
হ্যামিল্টন টেস্টে শনিবার (১৪ ডিসেম্বর) প্রথম দিন শেষে টসে হেরে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডের সংগ্রহ ৯ উইকেটে ৩১৫ রান। ফিফটি হাঁকানো স্যান্টনার ৫৪ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫০ ও উইল ও’রুকি শূন্য রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন।

উইল ইয়াংকে নিয়ে ১০৫ রানের উদ্বোধনী জুটি গড়েন অধিনায়ক টম ল্যাথাম। পেসার গাস অ্যাটকিনসনের বলে দ্বিতীয় স্লিপে হ্যারি ব্রুকের হাতে ধরা পড়ার আগে ৪২ রান করেন ইয়াং। হাফ সেঞ্চুরি পাওয়া ল্যাথাম ১৩৫ বলে ৯ চারে ৫৩ রানের ইনিংস খেলেন। ম্যাথু পটসের বলে উইকেটের পেছনে তিনি ক্যাচ দিয়ে ফেরেন।

তিনে নামা কেন উইলিয়ামসনের ব্যাটে আসে ৪৪ রান। মিডল অর্ডারের ব্যাটাররা দীর্ঘ সময়য় ক্রিজে থাকতে না পারায় বড় স্কোরের আশায় নিউজিল্যান্ড হোঁচট খায়। আট নম্বরে নামা স্যান্টনার ওয়ানডে মেজাজে ব্যাটিং করেন। দশে নামা সাউদি ১০ বলে এক চার ও ৩ ছক্কায় ২৩ রানের ক্যামিও ইনিংস খেললে স্বাগতিকদের দলীয় স্কোর তিনশ রানের গণ্ডি পেরোয়।

ইংল্যান্ডের পক্ষে অ্যাটকিনসন ও পটস ৩টি করে উইকেট পান। এছাড়া ব্রাইডন কার্স দুটি ও বেন স্টোকস তাদের ঝুলিতে ভরেন একটি উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *