আন্তর্জাতিক ডেস্ক :
ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা লক্ষ্য করে একদিনে ৯৩টি মিসাইল ও ২০০ ড্রোন ছুঁড়েছে রাশিয়া। প্রায় তিন বছর আগে রাশিয়ার পূর্ণমাত্রার হামলা শুরুর পর ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোর ওপর এটা অন্যতম বৃহত্তম বোমাবর্ষণ বলে অভিহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
জানা গেছে, শুক্রবার ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা লক্ষ্য করে রুশ বাহিনী ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ভয়াবহ এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইউক্রেনের বৃহত্তম তাপ বিদ্যুৎ কেন্দ্র। নষ্ট হয়ে গেছে গুরুত্বপূর্ণ সরঞ্জাম। এছাড়া কিয়েভের বাসিন্দাদের আবারো আশ্রয় নিতে হয়েছে মেট্রো স্টেশনে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়ার ছোঁড়া এসব ক্ষেপণাস্ত্রের বেশ কিছু প্রতিরোধ করেছে তার বাহিনী।
চলতি বছর ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনাগুলোকে লক্ষ্য করে নজিরবিহনীভাবে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। গত মাসে এই হামলার মাত্রা বাড়িয়েছে মস্কো। এতে ইউক্রেনের লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন থাকছে।
একটি সূত্র জানিয়েছে, শুধু বিদ্যুৎ নয়, সম্প্রতি গ্যাস অবকাঠামোতেও হামলা শুরু হয়েছে রাশিয়া।
এদিকে যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা চালানোয় ইউক্রেনের তীব্র নিন্দা করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি, রাশিয়ার ভেতরে এসব ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর অনুমতি দেওয়াকে পাগলামি বলেও আখ্যা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) টাইম ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এটা পাগলামি। রাশিয়ার কয়েক শ মাইল ভেতরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অনুমতি নিয়ে আমার তীব্র আপত্তি রয়েছে। আমরা ওটা কেন করছি? আমরা শুধু এই যুদ্ধে উত্তেজনা বাড়াচ্ছি ও পরিস্থিতি আরও জটিল করে তুলছি। এটা করতে দেওয়া উচিত হবে না।
সূত্র: রয়টার্স