নিজস্ব প্রতিবেদক :
দ্রুত নির্বাচন আয়োজন এবং সংস্কারের পরিপূর্ণ বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, জনগণ জানতে চায় অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে এবং কবে নির্বাচন হবে।
তারেক রহমান বলেন, নির্বাচনের কথা শুনলেই উপদেষ্টাদের অস্বস্তি হয়। সরকারের উচিত নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা। কারণ এ পরিস্থিতিতে উপদেষ্টাদের অস্বস্তি দেখানো জনআকাঙ্ক্ষার বিরোধী।
রোববার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, মানুষের মাঝে প্রশ্ন উঠতে পারে- সংস্কার আগে, না সংসার আগে? কারণ এখন প্রতিদিন ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে, বাজারে লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে জনগণ দুর্বিষহ হয়ে পড়েছে। সর্বোপরি, সংস্কার আগে যদি সংসারের সমস্যা না সমাধান করা হয়, তবে তা জনগণের জন্য কষ্টকর হয়ে উঠবে। তাই সংস্কারের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে।
তিনি আরো বলেন, একটি জবাবদিহিমূলক সংসদ থাকলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। যদি কেউ স্বৈরাচারী হতে চায়, তবে তার সামনে কোনো বিধান বাধা হয়ে দাঁড়াতে পারে না। রাষ্ট্রকে ফ্যাসিস্টমুক্ত রাখতে জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে। সুশাসন প্রতিষ্ঠা না হলে দেশের গণতন্ত্রও ঝুঁকির মধ্যে পড়বে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নির্বাচনের রোডম্যাপ বা কাজের হিসাব জানতে চাইলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের চেহারায় অস্বস্তি দেখা দেয়। এটি দেশের জনগণের আকাঙ্ক্ষার বিপরীত। এমন পরিস্থিতি দেশের জন্য বড় চিন্তার বিষয়। জনগণকে নির্বাচনমুখী করার জন্য সরকারের উচিত দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা।
তিনি বলেন, সরকারের উচিত জনগণের কল্যাণে কাজ করা, শুধু নিজেদের আত্মপ্রশংসা না করে জনগণের সমস্যার প্রতি আন্তরিক দৃষ্টি দেওয়া এবং তাদের কষ্ট লাঘব করা। আশা করি সরকার দ্রুত নির্বাচন আয়োজন করবে এবং জনগণের সামনে রোডম্যাপ তুলে ধরবে।
সভায় উপস্থিত ছিলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, বেগম সেলিমা রহমান, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ড. খন্দকার মোশারফ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, কৃষকদল সভাপতি হাসান জাহিদ তুহিন প্রমুখ।