৫০ পর্বে সফলতার গল্প :ফেইস টু ফেইস

বিনোদন ডেস্ক :
ডিজিটাল প্ল্যাটফর্ম আওয়ার ক্যানভাসের উদ্যোগে শুরু হওয়া ‘ফেইস টু ফেইস’ টকশোটি নতুন দিগন্তে পৌঁছালো। প্রেরণামূলক গল্পের মাধ্যমে দেশের সফল সেলিব্রিটি ও ব্যবসায়ীদের অভিজ্ঞতা তুলে ধরার এই শোটি মঙ্গলবার রাতে তার ৫০তম পর্ব সম্প্রচার করেছে সোশ্যাল মিডিয়ায়, যা একটি বড় মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে।

৫০তম পর্বের বিশেষ অতিথি ছিলেন পিএইচপি ফ্যামেলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, যিনি তার শৈশব থেকে ব্যবসায়িক জীবনের ওঠা-নামা, সমাজের বর্তমান সংকট ও সম্ভাবনা নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন।

আওয়ার ক্যানভাসের অনুষ্ঠান প্রধান ও ‘ফেইস টু ফেইস’-এর উপস্থাপক জুনায়েদ হাবীব জানান, তারা শোটির মাধ্যমে তরুণ প্রজন্মকে সফল ব্যক্তিদের সঙ্গে সংযুক্ত করার উদ্দেশ্যে কাজ করছেন। তাদের লক্ষ্য- দেশের সফল মানুষদের গল্প সরাসরি দর্শকদের কাছে পৌঁছে দেওয়া, যেন তরুণরা তাদের অভিজ্ঞতা থেকে কিছু শিখতে পারে।

এছাড়া আয়োজকরা জানান, ‘ফেইস টু ফেইস’ শোটি প্রথম থেকেই তরুণদের চিন্তা-ভাবনার প্রতি গুরুত্ব দিয়ে সফল ও প্রভাবশালী ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়ে আসছে। শোটি তাদের কঠোর পরিশ্রম, অধ্যাবসায় ও সংগ্রামের গল্প তুলে ধরে, যা তরুণদের জন্য একটি শক্তিশালী প্রেরণার উৎস।

বর্তমানে শোটি মোট ৪টি সিজনে প্রচারিত হচ্ছে, যেখানে অংশগ্রহণ করেছেন মেঘনা গ্রুপের সিইও সৈয়দ আলমগীর, প্যাডরেলো গ্রুপের চেয়ারম্যান নাদের খান, ওয়েল গ্রুপের চেয়ারম্যান সৈয়দ নুরুল ইসলাম, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিকসহ আরো অনেক সফল ব্যক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *