স্পোর্টস ডেস্ক :
আন্তর্জাতিক ক্রিকেটে আউটের পর নিজের মেজাজ হারিয়ে স্টাম্পে লাথি মেরেছিলেন দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন। সেই কাণ্ডে এবার শাস্তি পেলেন এই ক্রিকেটার।
বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ঘটে এই ঘটনা। কেপ টাউনে প্রতিপক্ষের ৩২৯ রান তাড়ায় সতীর্থদের ব্যর্থতায় প্রোটিয়াদের একই টানেন ক্লসেন। পাঁচ নম্বরে নেমে ৪ ছক্কা ও ৮ চারে ৭৪ বলে ৯৭ রান করে আউট হন তিনি। এতে ম্যাচটি ৮১ রানে হেরে যায় স্বাগতিকরা।
ম্যাচের ৪৪তম ওভারের প্রথম বলে নাসিম শাহকে পুল করে ক্যাচ তুলে দেন ক্লসেন। আউট হয়েই মেজাজ হারিয়ে স্টাম্পে লাথি মারেন তিনি, যা দৃষ্টি এড়ায়নি আম্পায়ারদের। পরে আম্পায়ারদের অভিযোগের ভিত্তিতে ক্লসেনকে শাস্তি দেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন।
আইসিসির আচরণবিধির ২.২ ধারা ভাঙার অপরাধে ক্লসেনকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।
টানা দুই জয়ে তিন ম্যাচের সিরিজটি এরই মধ্যে নিজেদের করে নিয়েছে পাকিস্তান। তৃতীয় ওয়ানডে আগামী রোববার জোহানেসবার্গে।