নিজস্ব প্রতিবেদক :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া মাদরাসা শিক্ষার্থী শহিদ আরাফাত হুসাইনের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক সারজিস আলম, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জানাজার নামাজে উপস্থিত ছিলেন।
আরাফাত হুসাইন গত ৫ আগস্ট উত্তরার আজমপুর পূর্ব থানার সামনে গুলিবিদ্ধ হন। পরবর্তীতে বিভিন্ন হাসপাতাল হতে রেফার করে সিএমএইচে পাঠানো হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। প্রায় সাড়ে চার মাস চিকিৎসাধীন থাকার পর গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি।