নিজস্ব প্রতিবেদক :
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন আজ। এ উপলক্ষে দেশব্যাপী গির্জা, চার্চ, কূটনৈতিক মিশন, কেপিআইসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব।
বড়দিন উদযাপনে নিরাপত্তা নিশ্চিতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, গির্জায় র্যাব ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট মোতায়েন, ব্যাটলিয়নসমূহ নিজ নিজ কন্ট্রোল রুমের মাধ্যমে তাদের অধিক্ষেত্রে স্থানীয় গির্জা কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রাখছে র্যাব।
র্যাব সদর দফতরে কন্ট্রোল রুমের (হটলাইন নম্বর- ০১৭৭৭৭২০০২৯) মাধ্যমে ঢাকাসহ সারাদেশের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ ও সমন্বয় করা হচ্ছে। যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় র্যাব স্পেশাল ফোর্সের কমান্ডো টিমকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস জানান, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সবাই উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে নিজেদের উৎসব উদযাপন করে।
বড়দিনকে কেন্দ্র করে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে নাশকতার কোনো তথ্য পেলে র্যাবকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। খ্রিষ্টান সম্প্রদায়ের বৃহত্তম এই ধর্মীয় অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করছে র্যাব।
বড়দিনের অনুষ্ঠান উপলক্ষে আতশবাজি বা পটকা ফুটানো বা ফানুস ওড়ানো বন্ধ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।