নিজস্ব প্রতিবেদক :
সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, শুধু আইন কানুনের সংস্কারই যথেষ্ট নয় এবং ভালো সংবিধান প্রণয়নেই সাংবিধানিক অধিকার নিশ্চিত হবে না। রাজনৈতিক শক্তিগুলোকে এই সংস্কার এগিয়ে নিতে সংকল্প থাকতে হবে।
শুক্রবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ‘ঐক্য, সংস্কার, নির্বাচন’ শীর্ষক সংলাপে এ কথা বলেন তিনি।
আলী রীয়াজ বলেন, জনগণ ও রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক ব্যবস্থা, নাগরিক অধিকার, ক্ষমতার বিকেন্দ্রীকরণ চায়।
তিনি বলেন, এমন একটি রাষ্ট্রব্যবস্থা তৈরি করা দরকার, যেখানে জবাবদিহিতা হবে প্রাথমিক ভিত্তি। কেননা জবাবদিহিতা না থাকলে কোনো অবস্থাতেই আপনি মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে পারবেন না।
সংবিধান সংস্কার কমিশনের প্রধান বলেন, যে প্রশ্নে আমাদের ঐক্যের জায়গাটা তৈরি করা দরকার, সেটা হলো বর্তমান পরিস্থিতির পরও একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থা যেটি আসলে জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে পারে। এমন একটি ব্যবস্থা যেখানে ক্ষমতার এককেন্দ্রিককরণ ব্যবস্থা অসম্ভব হয়ে পড়বে এবং প্রতিষ্ঠানগুলো সার্বিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবে।
এই জায়গাগুলোতে যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, ঐক্যমত্যের জায়গাগুলো অগ্রসর করা দরকার বলে মনে করেন তিনি।