ক্রীড়া প্রতিবেদক :
সর্বশেষ জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-২০তে ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন জিসান আলম। ২০২৩ সালে অনূর্ধ্ব-১৯ এশিয়াকাপ জয়ী এই ক্রিকেটার মারকুটে ব্যাটিংয়ে সিদ্ধহস্ত। এনসিএলে ৭ ইনিংসে এক সেঞ্চুরি ও দুই হাফ সেঞ্চুরিসহ ১৫৮.৭৬ স্ট্রাইক রেটে করেছেন ২৮১ রান। গোটা আসরে হাঁকিয়েছেন ২২টি ছক্কা।
আসন্ন বিপিএলে জিসান দুর্বার রাজশাহীতে নাম লিখিয়েছেন। এনসিএলের ফর্ম ফ্র্যাঞ্চাইজিটিতে টেনে নিয়ে আনার ব্যাপারে তিনি বেশ আশাবাদী। চাপ না নিয়ে নিজের খেলায় মনোযোগ রাখাকেই গুরুত্ব দিচ্ছেন।
শনিবার (২৮ ডিসেম্বর) মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জিসান বলেন, ‘ভালো কিছু করার চেষ্টা করব। যেহেতু এনসিএল খুব ভালো গেছে। চেষ্টা করব বিপিএলেও যেন এমন একটা টুর্নামেন্ট কাটাতে পারি। অনেক বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। চেষ্টা করব ভালো ক্রিকেট খেলার। চাপ না, মনোযোগী থাকব। ম্যাচ বাই ম্যাচ ভালো খেলার চেষ্টা করবো।’
জিসানের বাবা জাহাঙ্গীর আলম ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার। তার হাত ধরেই তরুণ এই ক্রিকেটার নারায়ণগঞ্জ ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন আরম্ভ করেছিলেন। সেখান থেকেই বড় বড় ছক্কা মারার অভ্যাস গড়ে ওঠে।
ছক্কা হাঁকাতে পছন্দ করা জিসান অবশ্য বিষয়টির মাঝে রহস্য নেই বলেই জানালেন। তার ভাষ্য, ‘তেমন কিছুই না। আমি ছোটবেলা থেকে সহজাত ক্রিকেট খেলে আসছি। ছোটবেলায় বাবা আমাকে সেন্টার উইকেটে ব্যাটিং করাতেন। এজন্য সহজাতভাবেই ছক্কা মারি। ওটাকেই বড় বড় ছক্কা বলে সবাই।’
বিপিএলে নিজের লক্ষ্য প্রসঙ্গে বলেন, ‘চাপ নিতে চাচ্ছি না। কারণ এটা আমার খেলা। আমাকে খেলতে হবে। মূল হচ্ছে পারফরম করা, এটাই চেষ্টা করব। এনসিএল ভালো খেলেছি, চেষ্টা করব বিপিএলেও নিজের সেরাটা খেলার। নিজেকে প্রমাণ করার ভালো একটা মঞ্চ। এটা করতে পারলে ভালো লাগবে।’