বিমান বিধ্বস্তের ভিডিও প্রকাশ দক্ষিণ কোরিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক :
দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনার একটি ভিডিও প্রকাশিত হয়েছে। ৫২ সেকেন্ডের ভিডিওটি লি জিউন-ইয়ং নামের এক ব্যক্তির সৌজন্যে পাওয়া।

ভিডিওতে দেখা যায়, বিমানটি বিমানবন্দরে অবতরণ করছে। রানওয়ে ধরে জোর গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এ সময় বিমানটির কোনো ল্যান্ডিং গিয়ার দেখা যাচ্ছিল না।

একপর্যায়ে বিমানটি রানওয়ের শেষ প্রান্তে থাকা একটি প্রাচীরে গিয়ে প্রচণ্ডবেগে আঘাত করে। সঙ্গে সঙ্গে একটি বড় বিস্ফোরণ ঘটে। আগুনের বড় লেলিহান আকাশের দিকে উঠে যায়। পরে কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে থাকে।

বিমানবন্দর কর্তৃপক্ষকে উদ্ধৃত করে দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সি বলেছে, পাখির আঘাতের কারণে বিমানটির ল্যান্ডিং গিয়ারে ত্রুটি হয়ে থাকতে পারে।

দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে আজ রোববার সকালে বিমানটি বিধ্বস্ত হয়। দেশটির জেজু এয়ারের যাত্রীবাহী বিমানটি বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে বিধ্বস্ত হয়।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বিমানটিতে ১৭৫ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন। এখন পর্যন্ত ১২৪ ব্যক্তির নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। আর দু’জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *